স্টাফ রিপোর্টার
নিজের হাতে রোপণ করা চন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হবে সুরঞ্জিত সেনগুপ্তকে। ইতোমধ্যেই চন্দন গাছটি কাটা হয়েছে এবং কাঠ আকারে বানানো হয়েছে। আজ সোমবার দিরাই এর আনোয়ারপুরে নিজ বাড়ির পাশে সুরঞ্জিত সেনগুপ্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। রবিবার ভোরে ৪টা ২৯ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুরঞ্জিত সেনগুপ্তের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার সুজিত রায় বলেন,
চৌদ্দ-পনের বছর আগে সুরঞ্জিত সেনগুপ্ত নিজের হাতেই বাড়ির আঙ্গিনায় এই চন্দন গাছটি রোপণ করেছিলেন। যখনই তিনি দিরাই এর এই বাড়িতে যেতেন, নিজের হাতেই গাছটির পরিচর্যা করতেন।
শুধু তাই নয়, সুরঞ্জিত সেনগুপ্তকে একজন বৃক্ষপ্রেমিক উল্লেখ করে তিনি বলেন, তার নিজের হাতে সৃজন করা বাগানে প্রচুর পরিমাণ মেহগনি, সুন্দরী ও সেগুন গাছসহ ফল-ফলাদির গাছ আছে। সময় পেলে সুরঞ্জিত নিজ হাতেই এসব গাছের দেখভাল করতেন ।
বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দিরাই উপজেলা আওয়ামী লীগ তিন দিনের শোক ঘোষণা করেছে। এর আগে সকালে দিরাই জগন্নাথ মন্দিরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল নয়টায় মরদেহ যাবে সিলেটে। সকাল ১০টায় সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা ১১টায় মরদেহ যাবে সুনামগঞ্জ। জেলা কালেক্টরেট চত্বরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ রাখা হবে। এসময় কেন্দ্রীয় যুবলীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক । এরপর সেখান থেকে মরদেহ তার নির্বাচিত এলাকা দিরাই ও শাল্লাতে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল ৩টায় তার শেষ ইচ্ছা অনুযায়ী দিরাইয়ের নিজ গ্রামে হবে শেষকৃত্য।