- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চরমহল্লা ইউনিয়ন পরিষদে অবশেষে সোলার প্যানেল স্থাপন

ছাতক প্রতিনিধি
ছাতকের চরমহল্লা ইউনিয়ন পরিষদ ভবন অবশেষে সোলার প্যানেল হয়েছে। সম্প্রতি লক্ষাধিক টাকা ব্যয়ে পরিষদের মুল ভবনে সোলার প্যানেল স্থাপন করা হয়।
জানা যায়, গত পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ব মুহুর্তে উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের এ বিশেষ প্রকল্পে সরকারি বরাদ্দ দেয়া হয়। এ প্রকল্পের আওতায় চরমহল্লা ইউনিয়ন পরিষদে সোলার প্যানেল স্থাপনে বরাদ্দ দেয়া হয় ১৯ মেট্রিক টন চাল। বরাদ্দের পরবর্তি সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে প্রকল্প স্থাপনের বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এ সুযোগে সোলার প্যানেল স্থাপনে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা কদর মিয়ার বিরুদ্ধে। বিষয়টি ব্যাপকতা লাভের আগেই এবং সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোলার প্যানেল স্থাপন করে বর্তমানে দায়মুক্ত হন সাবেক চেয়ারম্যান কদর মিয়া।
চরমহল্লা ইউনিয়ন পরিষদের বর্তমান সচিব মাসুক মিয়া জানান, সম্প্রতি পরিষদ ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। প্যানেলের সাথে পরিষদের সবকটি কক্ষে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। তবে কত টাকা ব্যয় হয়েছে তা তিনি জানেন না বলে জানিয়েছেন।
সাবেক ইউপি চেয়ারম্যান কদর মিয়া জানান, সোলার প্যানেল স্থাপনের বরাদ্দ নির্বাচনের আগে হলেও নির্বাচনসহ বিভিন্ন ঝামেলার কারণে স্থাপন কাজ কিছুটা বিলম্ব হয়েছে। তার প্রতিপক্ষ কতিপয় ব্যক্তি তার বিরুদ্ধে সোলার প্যানেলের সরকারি টাকা আত্মসাত করার কথা এলাকায় অপপ্রচার করেছে। সোলার প্যানেল স্থাপনের মধ্যদিয়ে অপপ্রচারকারীদের উপযুক্ত জবাব দিয়েছেন বলে জানিয়েছেন।

  • [১]