স্টাফ রিপোর্টার
সদর উপজেলার উত্তর সুরমার চলতি নদীর উপর প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ২৮০ মিটার দীর্ঘ সেতু ও আড়াই কিলোমিটার সড়ক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এই সেতুর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রস্তাবনা এলজিইডি সদর দপ্তরে পাঠিয়েছেন। এলজিইডি সদর দপ্তর প্রস্তাবনাটি অনুমোদনের পর ডিজাইন ও ডিপিপি তৈরি হবে, পরে এটি দরপত্র প্রক্রিয়ায় যাবে।
এলজিইডি সূত্রে জানা যায়, সদর উপজেলার উত্তর সুরমার ৩ ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ সড়ক যোগাযোগ এবং পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাচ্ছেন। মানুষের এই কষ্ট দূর করার জন্য সুরমা ইউনিয়নের বালাকান্দা বাজার ও রামপুর সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বালাকান্দা বাজারের ব্যবসায়ী নাদীর শাহ্ বলেন,‘এই সড়ক হলে সুরমার উত্তর পাড়ের তিন ইউনিয়নের মানুষের সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়ক হয়ে আব্দুজ জহুর সেতু পার হয়ে সারদেশের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে।’
বালাকান্দা বাজার কমিটির সেক্রেটারী আতাউর রহমান বলেন,‘চলতি নদীতে সেতু হলে সুরমার উত্তর পাড়ের মানুষের বহুদিনের স্বপ্নের বাস্তবায়ন হবে। ডলুরার
ঐতিহ্যবাহী ৪৮ শহীদের স্মৃতিসৌধ এবং বর্ডারহাটে যাতায়াতসহ উত্তর পারের মানুষের উৎপাদিত মাছ, সবজীসহ সকল প্রকারের কাঁচামাল দেশব্যাপি বাজারজাত করার সুযোগ বাড়বে। এটি হবে এলাকাবাসীর স্বপ্নের পাওয়া।’
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন,‘সুরমার উত্তর পাড়ের চলতি নদীতে ২৮০ মিটার দীর্ঘ সেতুসহ ২.৫০ কিলোমিটার সড়কের প্রস্তাবনা মঙ্গলবার এলজিইডি সদর দপ্তরে পাঠানো হয়েছে। এই সেতু ও সড়ক তৈরিতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হবে। এটি বাস্তবায়ন হলে কয়েক লাখ মানুষ উপকৃত হবেন। এই প্রস্তাবনা অবশ্যই অনুমোদিত হবে বলে মনে করছি আমি।’