- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চাঁদাবাজী, তুলাবাজী ও জবাবদিহিতাহীন সহায়তা গ্রহণ বন্ধ করতে হবে -মতিউর

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য মতিউর রহমান বলেছেন, চাঁদাবাজী-তুলাবাজী, টোল আদায়ের নামে অতিরিক্ত টাকা আদায়, সরকারি উদ্যোগে অনুষ্ঠানের নামে ব্যক্তির কাছ থেকে জবাবদিহিতাহীন সহায়তা গ্রহণ চলতে দেওয়া হবে না। সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান। দুর্নীতি করতে কাউকে সহায়তা করা যাবে না। রোববার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখার সময় তিনি এসব মন্তব্য করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাগণসহ উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এ প্রতিবেদককে বলেন, আমি বলেছি টোল আদায়ের নামে কোথাও অতিরিক্ত অর্থ আদায় করা হলে ব্যবস্থা নিতে হবে। দলের হোক আর যেই হোক ছাড় দেওয়া যাবে না। আমি বলেছি, সরকারি অনুষ্ঠান বা স্থাপনায় জবাবদিহিতাহীন অর্থ সহায়তা গ্রহণ চলবে না। এসব অর্থ কত টাকা নেওয়া হয়, এর যেমন হিসাব কারো জানা থাকে না তেমনি এই অর্থ নেবার কারণে অনেক সময় দান’এর চেয়ে
প্রতিদান বেশি দিতে হয়, এটিও সাধারণের জানা হয় না। এজন্য আমি বলেছি, ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত কোনো খেলায় সরকারি বরাদ্দ না থাকলে সবাই বসে যৌথভাবে চিন্তা করতে হবে। সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতাহীন ব্যক্তিগত সহায়তা নেওয়া বন্ধ করতে হবে।
সভার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদও তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, সকল ক্ষেত্রেই স্বচ্ছতা আনয়নের লক্ষ্য নিয়েই কাজ করতে হবে। সকল কর্মকর্তা-কর্মচারীকেই সৎভাবে জনগণের কাজ করতে হবে।

  • [১]