স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দিরাইয়ের চাপতির হাওরে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র্যাব ।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে দিরাই উপজেলার চাপতির হাওরপাড়ের কালধর গ্রামের ক্ষতিগ্রস্ত ৭৫ জন মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
সহায়তার মধ্যে ছিলো ৩ কেজি চাল, ১ কেজি আটা, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম সোয়াবিন তেল ও ২০০ গ্রাম সেমাই।
র্যাব— ৯ এর সুনামগঞ্জ ক্যাম্প’এর অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমদ বলেন, চাপতির হাওরের কৃষকরা ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সামনে ঈদ। বছরের একমাত্র ফসল হারিয়ে এসব মানুষ অসহায় হয়ে পড়েছেন। অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই আমাদের ক্ষুদ্র এই প্রচেষ্টা। চাপতির হাওর পাড়ের কালধর গ্রামের ৭৫ জন ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দিয়েছি আমরা।
এছাড়াও শাল্লা উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝেও সহায়তা প্রদান করা হবে।