ছাতক প্রতিনিধি
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের কুমারকান্দি গ্রাম সংলগ্ন খাস খতিয়ানভুক্ত ভূমি আশ্রয়ন প্রকল্পের (গুচ্ছ গ্রাম) নামে অধিগ্রহণ না করে ভোগ-দখলে থাকা এলাকার অসহায় ভূমিহীন পরিবারের অনুকূলে রাখার দাবিতে সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে গ্রামবাসীর পক্ষে মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, মিজানুর রহমান মিজান, আছির আলী, ডাঃ আব্দুল ওয়াদুদ, আছানুর রহমান, জহর উল্লাহ, আলমাছ আলী, সামছুল ইসলাম, বাতির আলী ও হাজী মকছুদুর রহমানের উপস্থিতিতে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে উল্লেখ করা হয়, উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কুমারকান্দি গ্রাম সংলগ্ন কুমারকান্দি মৌজার ১৯ একর খাস ভূমি রুয়েছে। এসব
ভুমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন স্থানীয় ভুমিহীন দরিদ্র লোকজন। এ ছাড়া ওই খাস ভূমিতে ধানসহ অন্যান্য মৌসুমী শষ্য উৎপাদন করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছে তারা। গরু ছাগলের চারণ ভূমি হিসেবে ওই ভূমি ব্যবহার করছেন গ্রামবাসী। সাম্প্রতি স্থানীয় লোকজন জানতে পারেন যে, সরকার আশ্রয়ন প্রকল্পের নামে উল্লেখিত ভূমি অধিগ্রহণ করা হবে। ওই ভূমিতে আশ্রয়ন প্রকল্প হলে দরিদ্র শ্রেণির ভোগদখলকারী বেশ কয়েকটি পরিবারের ভাগ্যে নেমে আসবে চরম বিপর্যয়। এ ছাড়া গবাদি পশুর বিচরণের একমাত্র চারণ ভূমি হারিয়ে যাবে আশ্রয়ন প্রকল্পে। তখন গবাদি পশু নিয়ে বিপাকে পড়তে হবে গ্রামবাসীকে। বিষয়টি মানবিক বিবেচনায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয় স্মারকলিপিতে।