স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগের চার জেলাকে ২০১৮ সালের মধ্যে ভিক্ষুক মুক্ত করার লক্ষে ভিডিও কনফারেন্স করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসনসহ তিন জেলার প্রশাসন। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ ছাড়াও সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন, নারী নেত্রী শিলা রায় প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেল সুপার আবুল কালাম আজাদ, বিআরডিবির উপপরিচালক মো. শামছুল ইসলাম, জেলা গণপূর্তবিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর
সিদ্দিকী, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ’র জেনারেল ম্যানেজার সোহেল পারবেজ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল রউফ, হাঁস প্রজনন খামারের ব্যবস্থাপক আজহারুল ইসলাম, জেলা বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক মাও. হাসান সিদ্দিকী, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মঞ্জুরুল আলম মজুমদার, জেলা মৎস্য কর্মকর্তা শঙ্কর রঞ্জন দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন প্রমুখ।
সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, সমাজে অনেক লোক রয়েছে যারা একটু শারীরিক দুর্বলতাকে পুঁজি করে ভিক্ষাবৃত্তিতে অংশ নেয় তারা ইচ্ছা করলে এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে কাজ করতে পারে। কিন্তু তারা পরিশ্রম বিহীন পেশা হিসেবে এটাকে বেছে নেয়।
তিনি বলেন, জেলা প্রশাসন থেকে এ বছর ৬২৫ জন ভিক্ষুকদের সহায়তা ও ৪ জন হতদরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করা হয়েছে।
সভায় বক্তরা বলেন, কারো একক প্রচেষ্টায় সিলেট বিভাগকে ভিক্ষুক মুক্তকরা সম্ভব নয়। এতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভিক্ষুকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ভিক্ষাবৃত্তি থেকে সিলেট বিভাগকে ভিক্ষুক মুক্ত করা সম্ভব।