চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং অবিলম্বে এই ন্যায্য দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে যুক্তরাজ্যভিত্তিক শ্রমিক সংগঠন বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিলের উদ্যোগে সমাবেশ এবং স্মারক লিপি প্রদান করা হয়েছে।
২৩ আগস্ট দুপুরে লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে সমাবেশ এবং স্মারক লিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল যুক্তরাজ্যের চেয়ারপারসন শাহরিয়ার বিন আলী, ভাইস চেয়ারপারসন ওয়ালীউর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং বাসদ (মার্ক্সবাদী) সমর্থক বাবলু খন্দকার, সংগঠনের কার্যনির্বাহী সদস্য এবং সিপিবি যুক্তরাজ্যের সভাপতি অ্যাড. আবেদ আলী আবিদ, সংগঠনের উপদেষ্টা ডা. রফিকুল হাসান জিন্নাহ, সংগঠনের কার্যনির্বাহী সদস্য এবং যুক্তরাজ্য সিপিবির সাধারণ সম্পাদক নিসার আহমেদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, চা শ্রমিকদের দৈনিক ১২০ টাকা মজুরি দেওয়া হয় যা অত্যন্ত অমানবিক ও লজ্জাজনক। ১২০ টাকা মজুরি দিয়ে জীবন ধারনের জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য আবশ্যক প্রয়োজন মেটান এক প্রকার অসম্ভব। আজকের বাজারে নূন্যতম ভাবে জীবন পরিচালনা করতে হলে দৈনিক ৫০০ টাকা মজুরি হওয়া উচিত, সেখানে চা শ্রমিকরা মাত্র ৩০০ টাকা দৈনিক মজুরির দাবি জানিয়েছে। ১৪৫ টাকা মজুরির প্রস্তাবও একটি অযৌক্তিক এবং তামাশা বলে বক্তারা মনে করেন।
প্রেস বিজ্ঞপ্তি।