- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চিকিৎসা ব্যয় মেটাতে বই বিক্রির উদ্যোগ

ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর উপজেলায় দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত স্থানীয় শিক্ষক ও কবি শহীদ উল্লাহ আকন্দের চিকিৎসা সহায়তায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘হিজল-তমাল ছায়া’র মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে মধ্যনগর শহীদ মিনার প্রাঙ্গণে মধ্যনগর উপজেলা সাহিত্য পরিষদ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। এতে সংগঠনের সভাপতি অজয় রায়ের পরিচালনায় বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বসন্ত কুমার, শিক্ষক রমাপদ চক্রবর্তী, ডা: মুক্তাদির হোসেন, লেখক সজল কান্তি সরকার, মনজুর মোহাম্মদ, ব্রতচারী বিমান তালুকদার, পুরঞ্জয় সাহা রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্থানীয় সদস্য সচিব আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, গণমাধ্যমকর্মী আল-আমিন সালমান প্রমুখ।
শহীদ উল্লাহ আকন্দ মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘ বছর ধরে সাহিত্য চর্চা করছেন। সম্প্রতি তিনি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না।
মধ্যনগর সাহিত্য পরিষদের সভাপতি অজয় রায় বলেন, ‘কবির চিকিৎসা সহায়তার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাঁর রচিত বই কিনে অথবা ব্যক্তিগতভাবে তাঁকে আর্থিক সহায়তা করা হলে তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে।’

  • [১]