বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বাজারের শহীদ মিনার জমি দখল, সংস্কারে বাধা ও মুক্তিযোদ্ধাদের প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
শহীদ মিনার দখল ও সংস্কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে।
বুধবার উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মো. বাদশা মিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ উল্লেখ করা হয়েছে, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণীয় করে রাখতে চিনাকান্দি বাজারের ৩০৫০ নং সরকারি খাস ভূমিতে তখনকার সময়ের শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। এরপর থেকেই ওই শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জাতীয় দিবসগুলো পালিত হয়ে আসছে। ১০/১৫ বছর পূর্বে রফিকুল ইসলাম তালুকদারসহ তাঁর সহযোগিরা শহীদ মিনারটি দখলে নিয়ে বাড়ি ঘর ও দোকান পাঠ নির্মাণ করে শহীদ মিনারের কার্যক্রমে বিঘœ সৃষ্টি করে আসছেন। মুক্তিযোদ্ধারা বার বার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেও শহীদ মিনারের ভূমি উদ্ধার করতে পারেন নি। আগামী ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে শহীদ মিনারে সংস্কারের জন্য শ্রমিকরা কাজ করতে গেলে রফিকুল ইসলাম তালুকদারের ছোট ভাই খালেদ মাহমুদ তালুকদারসহ তাদের লোকজন কাজে বাধা দেয় এবং জোর পূর্বক সরঞ্জামাদি কেড়ে নিয়ে সিমেন্টের কাঁচা আস্তরে পানি ঢেলে নষ্ট করে দেয়। কাজ করতে দেয়া হবে না বলে জোর করে শ্রমিকদের সরিয়ে দিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি স্বপন মিয়া ও সাধারণ সম্পাদক সিদ্দিক মিয়া উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শহীদ মিনারটি দখলমুক্ত করে আসন্ন ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন করার সুযোগ সৃষ্টি করতে প্রশাসনের নিকট জোর দাবি জানান।