- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চিনাকান্দি বাজার উন্নয়নের দাবি

আকরাম উদ্দিন
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বাজার দীর্ঘদিন ধরে উন্নয়ন না থাকায় বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এই কারণে বাজারের ব্যবসায়ীসহ ক্রেতারা মারাত্মক ভোগান্তির শিকার হয়ে আসছেন। বাজারের যথাযথ উন্নয়নের দাবি স্থানীয়দের।
বাজারের একাধিক ব্যবসায়ী জানান, এই চিনাকান্দি বাজার পাকিস্তান আমল থেকে এলাকার ঐতিহ্যবাহী বাজার হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। প্রতিবছর এই চিনাকান্দি বাজার ইজারা দিয়ে সরকার লাখ লাখ টাকা রাজস্ব পাচ্ছে। চলতি বছরও ৭০ লাখ টাকা ইজারা দেয়া হয়েছে বাজারটি। কিন্তু বাজারের যথাযথ উন্নয়ন নেই দীর্ঘদিন ধরে। তারা জরুরিভিত্তিতে বাজারের উন্নয়নের দাবি জানান।
এই চিনাকান্দি বাজারে স্থায়ী ব্যবসায়ী রয়েছেন প্রায় সাড়ে ৩ শত। বাজারের ভেতরে রয়েছে ৫টি গলি। প্রতিটি গলির পাকা রাস্তা ভাঙাচোরা। একাধিক গলির মেঝেতে রয়েছে ময়লা আবর্জনায় ভরপুর। এই বাজারে রয়েছে এলাকার প্রধান পশুর হাট। এই পশুর হাটের অবস্থাও নাজুক। ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে হাটজুড়ে। আছে অস্থায়ী সবজি বাজার, চাউলের বাজার, মোরগের বাজার, মাছের বাজার, ফলের বাজারসহ নানা খাদ্যদ্রব্যের দোকানপাট। সপ্তাহের প্রতি বুধবার চিনাকান্দি বাজার জমজমাট হয়ে উঠে। কিন্তু বাজারে পাবলিক টয়লেট অকেজো থাকায় নোংরা আবর্জনায় ভর্তি হয়ে আছে। বাজারের ব্যবসায়ী ও ভোগান্তির শিকার মানুষেরা বাজারের যথাযথ উন্নয়নের দাবি জানান।
বাজারের ব্যবসায়ী সুলেমান মিয়া, আব্দুল করিম, রহমান মিয়া, মঞ্জিল মিয়া, হাবিব মিয়া ও মর্তুজা আহমদ জানান, বাজারের যথাযথ উন্নয়ন নেই দীর্ঘদিন ধরে। বাজারের প্রতিটি গলির এবং পশুর হাটের উন্নয়ন নেই, পাবলিক টয়লেটের মেরামত নেই। এই বাজারের যথাযথ সার্বিক উন্নয়ন জরুরি প্রয়োজন।
গত বুধবারে বাজারে আসা ক্রেতা আব্দুর রইছ বলেন, বাজার এলাকার বিদ্যালয়ের সামনের গুরুত্বপূর্ণ সড়কটি মারাত্মকভাবে ভাঙাচোরা। সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষজন চলাচল করে থাকেন। বাজারের গলিরও উন্নয়ন নেই। সরকার তো বছর বছর লাখ লাখ টাকা রাজস্ব পেয়ে আসছে, কিন্তু বাজারের যথাযথ উন্নয়ন হচ্ছে না।
অপর ক্রেতা জমির উদ্দিন ও সুলেমান মিয়া বলেন, ঐতিহ্যবাহী চিনাবাজার যেন কাদায় গহব্বর। এই বাজারের উল্লেখযোগ্য কোনো উন্নয়ন নেই। বাজারটি সীমান্ত এলাকায় থাকায় বাইরের মানুষ প্রতি হাটবারে এই বাজারে আসেন। বাজারের উন্নয়ন না থাকায় নোংরা থাকে বেশি। এই জন্য বাইরের মানুষ তাদের রুচিসম্মত চলাফেলা বা খাবারের প্রতি তেমন আগ্রহ সৃষ্টি হয় না।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর আলী বলেন, আমরা এই ঐতিহ্যবাহী বাজারকে একটি দৃষ্টিনন্দন বাজারে রূপান্তর করবো। এই জন্য বাজারের নানা সমস্যা নিরসনে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাজারের গলি, রাস্তা-ঘাট ও স্যানিটেশন ব্যবস্থার যথাযথ উন্নয়ন করা হবে এবং পাবলিক টয়লেটের সংস্কার কাজ করা হবে। শীঘ্রই জরিপ কাজ শেষে উন্নয়ন কাজ শুরু হবে।

  • [১]