বিজয় রায়, ছাতক
২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে চুনাপাথর আমদানীর উপর সম্পূরক শুল্ক ও বোল্ডার আমদানীতে রেগুলেটরী ডিউটি বৃদ্ধি করায় ছাতক তথা বৃহত্তর সিলেটের চুনাপাথর ও বোল্ডার ব্যবসায়ীরা মারাত্মক ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রতিষ্ঠিত ব্যবসায়ী অঞ্চল হিসেবে খ্যাত ছাতকের ব্যবসায়ীদের মেরুদন্ড হচ্ছে পাথর। প্রায় আড়াই শ’ বছর ধরে চুনাপাথর, চুন, বোল্ডার-ভুতু, সিঙ্গেল ও বালু ব্যবসার সাথে জড়িয়ে আছে সিলেট অঞ্চলের বিশাল ব্যবসায়ী জনগোষ্ঠির জীবন যাত্রা। দেশের পাথরের চাহিদা পূরণ করতে গিয়ে এ অঞ্চলের ব্যবসায়ীরা পার্শ্ববর্তী ভারত থেকে প্রতি বছর আমদানী করে আসছেন লাখ-লাখ টন চুনাপাথর। এসব চুনাপাথর থেকে উৎপাদিত চুন দেশের টেনারি শিল্প, সুগারমিল, পেপারমিলসহ বিভিন্ন কল-কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাথরের স্বর্গরাজ্য ছাতকের সিংহ ভাগ পাথর দিয়ে গড়ে তোলা হচ্ছে দেশের রাস্তা-ঘাট, ইমারত, ব্রীজ, ফ্লাইওভারের মতো স্থায়ী স্থাপনা। আর এসব পাথরের সাথে সংশিষ্ট বিশাল ব্যবসায়ী মহল ও কয়েক লাখ শ্রমিক এখন অস্তিত্ব হারাতে বসেছেন।
এদিকে প্রায় ৬ মাস ধরে ভোলাগঞ্জ, চেলা, ইছামতি, বাগলী, তামালিসহ সিলেটের সবকটি শুল্ক ষ্টেশন দিয়ে চুনাপাথর আমদানী বন্ধ থাকায় এখানের ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতি গুণছেন। পাশাপাশি সরকার বঞ্চিত হচ্ছে লাখ-লাখ টাকা রাজস্ব থেকে। এ অবস্থা থেকে ব্যবসায়ী মহলকে উত্তরণ করতে সরকারের নমনীয় মনোভাব ছাড়া বিকল্প নেই বলে ব্যবসায়ীরা মনে করেন।
প্রস্তাবিত জাতীয় বাজেটে চুনাপাথর আমদানীর উপর সম্পূরক শুল্ক শতকরা ২৫ ভাগ বৃদ্ধি ও বোল্ডার পাথর আমদানী উপর শতকরা ১৫ ভাগ রেগুলেটরী ডিউটি আরোপ করা হয়েছে। যা মরার উপর খাড়ার ঘা’র সমতূল্য বলে ব্যবসায়ীরা মনে করছেন। অপর দিকে বিদেশ থেকে ভাঙ্গা পাথর আমদানীতে কোনরূপ নতুন করারোপ না করার বিষয়টি এখানের বোল্ডার-ভুতু পাথর ব্যবসায়ীদের জন্য একটি অশনি সংকেত বলে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। ফলে ছাতকের ঐতিহ্যবাহী পাথর ব্যবসায় চরম ভাটা পড়ার সম্ভাবনা দেখছেন তারা।
চুনাপাথর আমদানীতে সর্বশেষ প্রতি টন পাথরের বিপরীতে ২৮৮ টাকা ডিউটি দিতে হতো ব্যবসায়ীদের। বর্তমানে প্রস্তাবিত বাজেট অনুযায়ী প্রতি টনের জন্য তাদের ডিউটি দিতে হবে ৬০১ টাকা। চুনাপাথরের ক্ষেত্রে অনাকাক্সিক্ষতভাবে প্রায় দ্বিগুণ ডিউটি বৃদ্ধিকরণে হতাশায় ভোগছেন ভোলাগঞ্জ, চেলা, ইছামতি, বাগলী, তামালিসহ সিলেটের সবকটি শুল্ক ষ্টেশনের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বুধবার সিলেটে অর্থমন্ত্রীর বাসভবনে ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে সাক্ষাত করেন। এ সময় প্রস্তাবিত বাজেটে চুনাপাথর আমদানীর উপর সম্পূরক শুল্ক ও বোল্ডার রেগুলেটরী ডিউটি বৃদ্ধি করার ফলে ব্যবসায়ীদের ক্ষতির কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।
মন্ত্রী গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনায় নিয়ে সমাধান করার আশ্বাস দিয়েছেন বলে প্রতিনিধি দলের নেতা আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী জানিয়েছেন।
এসময় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খন্দকার শিপার আহমদ, সিনিয়র সহ-সভাপতি লায়েছ উদ্দিন, সহ-সভাপতি এমদাদ হোসেন, পরিচালক ও ভোলাগঞ্জ ইম্পোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু, মাসুক আহমদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।