স্টাফ রিপোর্টার
১৮ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত শাল্লার প্রতারক ব্যবসায়ী বিজয় কুমার রায়কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট কোতয়ালী থানা পুলিশ তাকে গত সোমবার বিকালে তার ব্যবসা প্রতিষ্ঠান সিলেট শহরের আল হামরা শপিং সিটির দীপ শাগি কালেকশন থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিজয় কুমার রায় শাল্লা উপজেলার বাহারা গ্রামের বিধু ভূষন রায়ের ছেলে। বর্তমানে তিনি সিলেট শহরের বাসিন্দা।
জানা যায়, ২০১৩ সালে তাহিরপুর উপজেলার বাগলী গ্রামের ব্রজেন্দ্র কুমার দাসের ছেলে বিজন কুমার দাসকে পাওনা টাকার বিপরীতে ১৮ লাখ ৩৫ হাজার টাকার দু’টি চেক দেন ব্যবসায়ী বিজয় কুমার রায়। কিন্তু ওই দু’টি চেকের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। চেক দু’টি ব্যাংকে জমা দেয়ার পর ডিজঅনার হয়। বিজন কুমার দাস পাওনা টাকা আদায়ের জন্য ২০১৪ সালের ১২ মে আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুনামগঞ্জ সদর জোনে মামলা দায়ের করেন। পরে মামলাটি দায়রা জজ আদালতে স্থানান্তর হয়। দীর্ঘ শুনানী শেষে যুগ্ম দায়রা জজ ১ম আদালত গত ১ মার্চ মামলার রায় প্রদান করেন। আদালত পাওনাদার বিজন কুমার দাসকে ১৮ লাখ ৩৫ হাজার টাকা প্রদান ও ৬ মাসের দ-াদেশ প্রদান করেন। রায় প্রদানের পর থেকেই পলাতক ছিলেন বিজয় কুমার রায়।
মামলার বাদী ব্যবসায়ী বিজন কুমার দাস বলেন,‘ আমার কাছ থেকে বাকীতে কয়লা নিয়ে ১৮ লাখ ৩৫ হাজার টাকা পরিশোধ করছিল না বিজয়। পাওনা টাকার বিপরীতে সে আমাকে দুইটি চেক দিয়েছিল। কিন্তু ওই চেক দিয়ে ব্যাংকে আমি কোন টাকা পাই নি। এই টাকা না পেয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। পরে বাধ্য হয়ে আদালতে চেক ডিজঅনার মামলা করেছি। মামলার রায়ে আদালত আমার টাকা ফেরত দেয়ার নির্দেশ ও তাকে ৬ মাসের সাজা দিয়েছেন। সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড. জিয়াউর রহমান বলেন,‘চেক ডিজঅনার মামলায় আদালত আসামী বিজয় কুমার রায়কে ১৮ লাখ ৩৫ হাজার টাকা প্রদানের নির্দেশ একই সাথে ৬ মাসের কারাদ- প্রদান করেছেন। বিজয় কুমার রায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বর্তমানে সে সিলেট জেলা কারাগারে আটক আছে। ’