শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমেরিকা প্রবাসী জুবায়ের মনিরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে।
জুবায়ের মনির এলাকায় সাধারণ ভোটারদের অর্থ, পান-সুপারী, জিলাপী বিতরণ, ফুটবল খেলার জার্সি ও ফুটবল প্রদানসহ নানাভাবে নগদ টাকা দিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় এলাকার অনেকেই।
এসব ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুবায়ের মনিরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ করেছেন ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম আজাদ। ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন অফিসার গোপাল চন্দ্র দাসের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। একই সাথে ভবিষ্যতে এধরনের কাজ আর না করার জন্য সর্তক করে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আসিফ বিন ইকরাম।