- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চোরচক্রের ছয় ব্যক্তি আটকের ঘটনা আশাব্যঞ্জক

সুনামগঞ্জ  সদর থানা পুলিশ সিএনজি ও মোটরসাইকেল চুরির সাথে সম্পৃক্ত ২টি দলের ৬ ব্যক্তিকে আটক করতে সমর্থ হয়েছে। রবিবার সিলেট থেকে সিএনজি চোরচক্রের ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে সিলেট জালালাবাদ থানার সহায়তায় অন্যদিকে মোটরসাইকেল চোরচক্রের আরও দুই সদস্যকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে । অপরাধী আটকে পুলিশের এই কৃতিত্ব ধন্যবাদ পাওয়ার যোগ্য। সাম্প্রতিককালে বিভিন্ন ধরনের চুরির ঘটনায় নাগরিকদের জীবন অতীষ্ট হয়ে উঠেছে। বাসাবাড়ির গ্রিল ও দরোজা ভেঙে মূল্যবান সামগ্রী চুরি করা থেকে শুরু করে মোটরসাইকেল, বাইসাইকেল, সিএনজি চুরির ঘটনা ঘটছে অহরহ। শহরের নাগরিকরা বাসা খালি রেখে নিতান্ত প্রয়োজনে বাইরে বেরোতে এখন প্রচণ্ড ভয় পান। শহরজুরে চুরির অনেকগুলো ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত কোনক্ষেত্রেই চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা চোর ধরা না পাড়ায় মানুষ হতাশ হয়ে পড়েছিলেন। এমন সময়ে ৬ চোর আটকের ঘটনাটি স্বস্তিদায়ক। এর মধ্যদিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা জনগণের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে সক্ষম হলেন যে, তারা নিশ্চেষ্ট কিংবা নির্লিপ্ত নন। আমরা পুলিশের এই ধরনের সফলতা সবক্ষেত্রে দেখতে চাই। মানুষের সমাজে অপরাধ থাকবে এটি চিরাচরিত বাস্তবতা মাত্র। অপরাধহীন সমাজের কথা কখনও চিন্তা করা যায় না। তবে সমাজে প্রচলিত অপরাধপ্রবণতার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা কার্যকর রয়েছে কিনা সেটি হলো সবচাইতে মূল্যবান বিষয়। বেশির ভাগ ক্ষেত্রে অপরাধীরা ধরাছুঁয়ার বাইরে থাকায় প্রতিরোধের জায়গাটিকে অনেকটাই দুর্বল মনে করছেন মানুষ। রাষ্ট্রের দায়িত্বশীলদের দায়িত্ব হলো জনমনের এই হতাশা কাটিয়ে তোলা। সুনামগঞ্জ সদর থানা পুলিশ যেভাবে সিএনজি ও মোটরসাইকেল চোরচক্রের ৬ অপরাধীকে পাকরাও করল, একইভাবে সব অপরাধ ঘটনার ক্ষেত্রেই এই সফলতা বজায় রাখতে হবে।
মোটরসাইকেল ও সিএনজি চোরচক্রের আটককৃত সদস্যদের মাধ্যমে এই চক্রের মূল হোতাদের বের করা এখন পুলিশের অন্যতম দায়িত্ব। যেকোন অপরাধ ঘটনা তা চুরি, ডাকাতি, খুন-খারাবি যাই হোক না কেন তাতে বহুপক্ষীয় সংশ্লিষ্টতা থাকে। অপরাধের ক্ষেত্রে এক বা একাধিক নাটের গুরু থাকে। আসল কাজ হলো নাটের গুরুদের আইনের কঠিন শৃঙ্খলে বেঁধে ফেলা। নাটের গুরুদের বাদ দিয়ে নীচুস্তরের ব্যক্তিদের ধরা হলে অপরাধপ্রবণতা দূর হবে না। কারণ নাটের গুরুরা সহজেই নীচুস্তরের নিয়োগ পুনর্বিন্যস্ত করে ফেলতে সক্ষম হবে। আমরা আশায় আশায় রইলাম সিএনজি ও মোটরসাইকেল চোরচক্রের মূল হোতাদের আইনের দ্বারে দেখার জন্য। এটি যদি পুলিশ করে ফেলতে সক্ষম হয় তাহলে জনগণের বিপুল শ্রদ্ধা ও ভালবাসায় তাঁরা সিক্ত হবেন।
অপরাধীদেরকে শাস্তি দেওয়া অপরাধ নির্মূলের প্রধান উপায়। শহরের নাগরিকসমাজের মনে আজ যে চুরি আতঙ্ক বাসা বেঁধেছে তা দূর করার দায়িত্ব আইনপ্রয়োগকারী সংস্থার। কোন যুক্তি দেখিয়েই তাঁরা এই দায়িত্ব এড়াতে পারবেন না। মানুষ সর্বাবস্থায় নিজেদের নিরাপত্তার জন্য তাঁদের দিকেই তাকিয়ে থাকেন।  রাষ্ট্র তাঁদের উপর যে গুরুদায়িত্ব অর্পন করেছে এবং জনগণ যে গভীর প্রত্যাশা ধারণ করেন সেটি অনুভব করতে হবে এই গুরুত্বপূর্ণ বিভাগের সকলকে। নতুবা সমাজের শৃঙ্খলা ও শান্তি বিঘিœত হয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতার জন্ম দিবে। আর কে না জানে সমাজের অস্থিতিশীলতার হাত ধরেই চলে আসে অন্য সকল খারাপ ও জাতিবিধ্বংসী প্রপঞ্চসমূহ। সাধারণ মানুষের একেবারেই সামান্য চাহিদা শান্তি ও নিরাপত্তার এই আকুতি অবশ্যই সকলের মর্ম স্পর্শ করতে হবে। তবেই আমরা একটি মহান দেশের মহান জাতির গৌরবে মহিমান্বিত হব। সমাজ থাকবে নাগরিকদের বসবাসযোগ্য, এটি কখনও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে না Ñ এই আমাদের কামনা।  
 

  • [১]