- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চোরাই পথে কয়লা আনতে গিয়ে সীমান্তের ওপারে শ্রমিকের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তের ওপার থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে গর্তে পড়ে এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম রুবেল মিয়া (২৮)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের কাঞ্চন মিয়া ছেলে। এসময় নিহত রুবেলের সঙ্গে থাকা আরও এক কয়লা শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহত শ্রমিক একই গ্রামের আমজদ আলীর ছেলে শরাফত আলী (১৮)।
জানা যায়, মঙ্গলবার(৪ অক্টোবর) ভোরে ট্যাকেরঘাট সীমান্তের ১২শ এস পিলারের বুরুঙ্গাচড়া নামক পাহাড়ি ছড়া দিয়ে চোরাই পথে ভারতের ভিতর থেকে কয়লা আনতে যায় নিহত রুবেল সহ আরো কয়েকজন শ্রমিক। একপর্যায়ে কয়লা কুড়াতে কুড়াতে পুরনো গর্তের মধ্যে পড়ে রুবেল ঘটনাস্হলেই মারা যায়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে তার সঙ্গে থাকা শরাফত আলী নামে অপর একজন আহত হয়। পরে সঙ্গে থাকা অপর কয়লা শ্রমিকরা বাংলাদেশে ফিরে এসে তাদের পরিবারকে বিষয়টি জানায়। পরে সকাল ৯ টার দিকে নিহত রুবেলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে গর্ত থেকে তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসে বাড়িতে রাখে।
ট্যাকেরঘাট বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মুক্তার হোসেন বলেন, বিজিবি চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে কয়লা আনতে গিয়ে একজন মারা গেছে শুনেছি। তিনি বলেন, এ বিষয়ে আমাদেরকে কেউ অবগত করেনি। তবে, তারা লাশ বাংলাদেশে নিয়ে এসে তাদের হেফাজতে রেখেছে।

  • [১]