স্টাফ রিপোর্টার
চোরাই মোটরসাইকেলসহ মধু মিয়া (২৩) নামের আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের মোহাম্মদপুর এলাকা থেকে ধাওয়া করে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার সহযোগি ছাতকের তাঁতিকোণা গ্রামের সেলিম আহমদ পালিয়ে গেছে। গ্রেফতারকৃত মধু মিয়া তাহিরপুর উপজেলার হলহলিয়া গ্রামের মৃত উমর আলীর ছেলে।
এসময় পুলিশ ছাতক থেকে চুরি করে আনা
ডিসকভার ১৩৫ সিসি একটি মোটরসাইকেল, ডুপ্লিকেট চাবি ও তালা ভাঙ্গার জিনিসপত্র উদ্ধার করেছে। মোটরসাইকেল চোর চক্রের সিন্ডিকেটের তথ্য জানতে পুলিশ মধু মিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে।
পুলিশ জানায়, মধু মিয়া বুধবার গভীর রাতে ছাতকের তাঁতিকোণা গ্রামের পাথর ব্যবসায়ী ইকবাল হোসেনের বাসার গ্রিলের ভেতর থেকে তালাবদ্ধ মোটরসাইকেলের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে আসে। চোরাই সাইকেলটি ডুপ্লিকেট চাবি দিয়ে ছাতক থেকে সুনামগঞ্জ শহরে প্রবেশ করছিল সে। ভোর রাতে সদর থানার এএসআই মাহবুব আলমের নেতৃত্বে শহরের মোহাম্মদপুর এলাকায় চেকপোস্টের বাধা উপেক্ষা পরে মোটরসাইকেল নিয়ে শহরে প্রবেশের চেষ্টা করছিল মধু মিয়া ও তার আরেক সহযোগি। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে পালিয়ে যাওয়ার কারণ ও মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে কোন কিছুই দেখাতে পারেনি। পুলিশ তাৎক্ষণিক তাকে গ্রেফতার করে মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে সে জানায় মোটরসাইকেলটি ছাতকের তাঁতিকোণা গ্রাম থেকে চুরি নিয়ে এসেছে, তার সাথে আরও একজন ছিল সে পালিয়ে গেছে। খবর পেয়ে মোটরসাইকেলের বৈধ মালিক ইকবাল হোসেন সাইকেল নিয়ে যেতে সদর থানায় আসেন।
ইকবাল হোসেনের আত্মীয় বৃহস্পতিবার দুপুরে সদর থানায় জানান, এঘটনায় গ্রেফতারকৃত মধু মিয়াসহ আরো ১০জনকে আসামী করে ছাতক থানায় ডাকাতির মামলা করবেন তারা।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘ গ্রেফতারকৃত মধু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সিন্ডিকেটের সাথে কারা জড়িত আছে তা জানার চেষ্টা চলছে। পালিয়ে যাওয়া অপর সদস্যকে গ্রেফতারের চেষ্টা চলছে। মধু মিয়ার মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের হবে।’