- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চোরের ভয়ে নলকূপের হ্যান্ডেল খুলে রাখেন প্রধান শিক্ষক

আমিনুল ইসলাম, তাহিরপুর
চোরের ভয়ে বিদ্যালয় ছুটির পরেই নলকূপের হ্যান্ডেল খুলে নিজ কক্ষে তালাবদ্ধ করে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত ২০ ডিসেম্বর শুক্রবার বালিজুড়ি ইউনিয়নের অন্তর্গত হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় নলকূপের হ্যান্ডেল দেখতে পান উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। তিনি স্থানীয় লোকজনের কাছে বিদ্যালয়ের নলকূপের হ্যান্ডেল না থাকার কারণ জানতে চান।
এসময় বালিজুড়ি ইউনিয়নের ইউপি সদস্য বাবুল মিয়া ও সোহেল মিয়া জানান, চোরের ভয়ে ছুটির পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলকূপের হ্যান্ডেল খুলে নিজ কক্ষে তালাবদ্ধ করে রাখেন।
স্থানীয়রা তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করে বলেন, বিদ্যালয়ের প্রতিরক্ষা দেয়াল থাকলে বিদ্যালয়ের ভিতরে চোর ঢোকার আশঙ্কা কম থাকতো।
হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্তি তালুকদার জানান, ১৯৯০ সালে ্এলাকাবাসীর
প্রচেষ্টায় প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৩ সালের ১ জানুয়ারি জাতীয়করণ করা হয়। বর্তমানে ৫ জন শিক্ষকের মধ্যে ৪ জন শিক্ষক পাঠদান করছেন। ছাত্র সংখ্যা প্রায় ২শ’ জন। বিদ্যালয়টি হোসেনপুর ও চিকসা গ্রামের কিছু অংশ নিয়ে স্ক্যাচম্যাপ এলাকা।
বালিজুড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল জহুর বলেন, হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রতিরক্ষা দেয়াল ও গেট নির্মাণের বিষয়ে তিনি উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা করবেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন ও সীমানা প্রাচীরসহ গেট নির্মাণের জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি লিখবেন।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, হোসেনপুর গ্রামের অনেকেই দাবি জানিয়েছেন বিদ্যালয়ে একটি সীমানা প্রাচীর ও গেট নির্মাণ করে দেয়ার জন্য। তিনি বিষয়টি সমাধানের জন্য দ্রুত চেষ্টা করবেন বলেও জানান।

  • [১]