লন্ডন প্রতিনিধি
বৃটেনে আশ্রয় নেয়া ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ১৯৭১ সালে ঢাকায় বুদ্ধিজীবী হত্যার অন্যতম নায়ক আলবদর কমান্ডার চৌধুরী মইনুদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছে যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চ ও একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি ইউকে শাখা। ১৪ ডিসেম্বর লন্ডন সময় বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নাম্বার ডাউনিং ষ্ট্রীটের সামনে প্রবাসী বাঙালিদের সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কাছে পিটিশন হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর অফিসের একজন কর্মকর্তা পিটিশনটি গ্রহণ করেন। এর পূর্বে সেন্ট্রাল লন্ডনের ট্রাফলগার স্কয়ারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের মধ্যদিয়ে দিবসটির শুভসূচনা করা হয়।
যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চের মুখপাত্র অজয়ন্তা দেবরায়ের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বুদ্ধিজীবী হত্যার নায়ক চৌধুরী মইনুদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ঘাতক-দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সদস্য সাংবাদিক ও মানবাধিকার কর্মী আনসার
আহমেদ উল্লাহ, ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, গণজাগরণ মঞ্চ ইউকের কো-অর্ডিনেটর কামরুল হাছান তুষার, জামাল খান, নাহিদ জামান সুমন, সিনথিয়া আরেফিন, মানিক মাহমুদ, তাজ আহম্মেদ, মাকসুদুল হক সাকুর, সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কুখ্যাত চৌধুরী মইনুদ্দিন ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানী সৈন্যদের সাথে নিয়ে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল তাঁকে দোষী সাব্যস্থ করে মৃতুদন্ড প্রদান করেন। বক্তারা অভিযুক্ত এই ঘাতককে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে বিটিশ প্রধানমন্ত্রীর প্রতি অনুরোদ জানান।
১৯৭১ সালে যেসব পাকিস্তানী সৈন্য বাংলাদেশে যুদ্ধাপরাধ করেছিল তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর ও পাকিস্তানী গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ মদমে গড়ে উঠা জঙ্গি সংগঠন গুলোর কার্যক্রম বন্ধ ও বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানী নাগরিকদের ফিরিয়ে নেবার দাবিও জানান বক্তারা।