সু.খবর ডেস্ক
ফেডারেশন কাপ ফুটবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হলো না শেখ জামাল ধানমন্ডির। এবার শেষ আটেই চ্যাম্পিয়নদের বিদায় করে দিল আরামবাগ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ জামাল-আরামবাগ ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে সাডেন ডেথে। টাইব্রেকারে পাঁচ শটে চারটি করে গোল করেছে দুই দলই। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ছিল ২-২। অতিরিক্ত সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই।
৪২ মিনিটে ডিফেন্ডার আরশাদ মাহমুদ লিংকন ও ৪৫ মিনিটে স্ট্রাইকার ওয়েসডন আনসালমে গোল করে এগিয়ে নেন শেখ জামালকে। এরপর গা ছাড়া ফুটবল খেলে দলটি হজম করে দুই গোল। ৬১ মিনিটে ইয়োকো ২-১ করলে জমে ওঠে ম্যাচ। ৬৯ মিনিটে শেখ জামালের দুই ডিফেন্ডারকে ছিটকে বেরিয়ে গিয়ে আরামবাগকে সমতায় নিয়ে আসেন কেস্টার আকন। জয়ের জন্য উজ্জীবিত হয়ে ওঠে আরামবাগ। শেষ পর্যন্ত সন্ধ্যাটা তারা উদ্যাপন করেছে জয়ের আনন্দেই। সেমিফাইনালে আরামবাগের প্রতিপক্ষ সোমবার শেষ কোয়ার্টার ফাইনালে বিজেএমসি-মুক্তিযোদ্ধা ম্যাচের জয়ী দল।