- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা

সু.খবর ডেস্ক
আগের দিন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খুব বেশি পরিবর্তন না হওয়ারই ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। বৃহস্পতিবার একসঙ্গে ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ড সফরের  দল। সুজনের কথা মতোই তেমন কোন পরিবর্তন নেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। কিন্তু নাসির হোসেন উপেক্ষিতই থেকে গেলেন ১ জুন শুরু হতে যাওয়া আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফির টাইগার স্কোয়াডে। ২৫ বছর বয়সী অলরাউন্ডারকে আয়ারল্যান্ড সফরের ত্রিদেশিয় সিরিজের জন্য দলে রাখা হয়েছে ঠিক। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখেননি নির্বাচকরা। বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে বড় বৈশিক আসরে নাসিরকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই ক্রিকেটারের তালিকায়। অথচ গেল কিছু দিন ধরেই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন নাসির। ১২ এপ্রিল শুরু হওয়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম রাউন্ডেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সেঞ্চুরি করেছেন। তার অপরাজিত সেঞ্চুরিতে মোহামেডানকে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগ মিশন শুরু করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ভিক্টোরিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ৪১ রানে অপরাজিত ছিলেন। এর আগে ইমার্জিং টিমস এশিয়া কাপেও নাসিরের ব্যাট থেকে সেঞ্চুরির ইনিংস দেখেছে দর্শকরা। ঘরোয়া ক্রিকেটে নাসিরের ব্যাটের এই ধারাবাহিকতায়ই সবাইকে আশা জাগাচ্ছিল। কিন্তু নাসিরকে শুধু আয়ারল্যান্ড সফরের জন্য বিবেচিত করলেন নির্বাচকরা। অভিজ্ঞ এই ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখায় হতাশই টাইগার সমর্থরা।
দীর্ঘদিন ধরেই অজানা করাণে বাংলাদেশ দলে অনিয়মিত ফিনিসার ক্রিকেটার খ্যাত নাসির। দেশের হয়ে ১৭ টেস্ট, ৫৮ ওয়ানডে ও ৩১টি টি-টুয়েন্টি খেলা নাসির দেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সেই সিরিজের শেষ ওয়ানডেটিই হয়ে আছে দেশের নাসিরের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সর্বশেষ টি-টুয়েন্টি খেলেছেন ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দল:
মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুসফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, সফিউল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, শুভাশিস রয় ও নুরুল হাসান।
চ্যাম্পিয়নস ট্রফির দল:
মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুসফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, সফিউল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
স্ট্যান্ডবাই: নাসির হোসেন, শুভাশিস রয়, নুরুল হাসান ও সাইফ উদ্দিন।

  • [১]