- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের জনতা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি-৬ শিক্ষার্থী পরীক্ষা বঞ্চিত

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রধান শিক্ষকের জালিয়াতির কারণে ৬ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। জাল সনদপত্রের অজুহাতে এসব শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে দেয়া হয়নি। পরীক্ষা দিতে না পারা এসব শিক্ষার্থীর অভিভাবকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে পড়েছেন বিপাকে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরমহল্লা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ে (কামরাঙ্গী)।
জানা যায়, পরীক্ষা বঞ্চিত এসব শিক্ষার্থী বিভিন্ন    
মাদ্রাসা থেকে ২০১৭ সালের ১ম দিকে জনতা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে। ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করতে তখন শিক্ষার্থীদের অভিভাবকরা জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হালিমের শরণাপন্ন হলে সনদপত্র ছাড়াই তিনি তাদেরকে বিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেন। এভাবেই ৬ শিক্ষার্থী যথারীতি বিদ্যালয়ে শিক্ষাগ্রহণের পাশাপাশি বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কিন্তু বার্ষিক পরীক্ষা দেয়ার সময় ওই ৬ শিক্ষার্থী পড়ে বিপাকে। ভর্তির সময় জাল সনদে ভর্তির অভিযোগে এসব শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির খোকা জানান, ‘জাল সনদের মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়টি ধরা পড়ায় তাদের ভর্তি বাতিল করা হয়েছে। যে কারণে তাদের বার্ষিক পরীক্ষায় অংশ নিতে দেয়া হয়নি।’
বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হালিম বলেন, ‘সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের ছাড়পত্রের মাধ্যমে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেন প্রধান শিক্ষক ও অফিস সহকারি ফয়সল আহমদ।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার বলেন, ‘ এ বিষয়টি আমি অবগত নই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

  • [১]