- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকের জাউয়া সওজ’র সড়ক সংস্কার হয়নি একযুগেও

বিজয় রায়, ছাতক
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের ছাতকের জাউয়া বাজার এলাকা দীর্ঘ একযুগে কোন সংস্কার কাজ করা হয়নি। ভাঙ্গা-চুরা অবস্থায় থাকার কারণে দীর্ঘদিন ধরে জাউয়াবাজার কেন্দ্রিক কয়েক লক্ষ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। খানা-খন্দের জন্য বাজার এলাকায় সব-সময়ই লেগে থাকে কাদা ও পানি। বাজার ও সড়ক সংলগ্ন জাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান হওয়ায় সব সময়ই বিদ্যালয়ের কোমলমতি শিশুরা থাকে দুর্ঘটনার ঝুঁকিতে। জাউয়াবাজার জামে মসজিদ প্রধান সড়কের পাশে হওয়ায় মসজিদে আসা মুসল্লিরাও সড়কের খানা-খন্দ ও কাদা-পানির জন্য বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। প্রায় দু’শ গজ ভাঙ্গা রাস্তা জাউয়াবাসীর জন্য দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সিলেট-সুনামগঞ্জ প্রধান সড়কের পাশে জাউয়াবাজারের অবস্থান। বাজার প্রতিষ্ঠার পর থেকেই          
জাউয়াবাজার মূলত সড়ককেন্দ্রিক হয়ে গড়ে উঠে। প্রধান সড়কের উভয় পাশ জুড়েই গড়ে উঠেছে ঐতিহ্যবাহী জাউয়াবাজার। উপজেলা দক্ষিনাঞ্চলসহ দোয়ারা, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ জাউয়াবাজারের উপর নির্ভরশীল। ফলে এ বাজার সব সময়ই জনাকীর্ণ অবস্থা থাকে। সড়ককেন্দ্রিক বাজারের কারণে এখানে যানজটের বিষয়টি নিত্য-নৈমিত্তিক ব্যাপার। এর মধ্যে সড়ক ভাঙ্গা-চুড়া হওয়ায় অনাকাংিখত যানজট এখন স্থায়ী রূপ নিয়েছে। যোগাযোগ ক্ষেত্রে সরকারের উন্নয়নের সাথে জনবহুল জাউয়াবাজারের কোন মিল খুঁজে পাওয়া যাবে না।
জাউয়া বাজারের ব্যবসায়ী রেজাউল করিম রেজা জানান, জাউয়াবাজারের বেহাল দশা দেখলে সরকারের সার্বিক উন্নয়ন প্রশ্নবিদ্ধ হবে। বর্তমান সরকারের নেতৃত্বে সারা দেশ উন্নয়নের মহাসড়কে হাঁটলেও জাউয়াবাজার রয়েছে উন্নয়ন বঞ্চিত।
বাজারের ব্যবসায়ী ও পাইগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাাপতি রেজা মিয়া তালুকদার জানান, জাউয়াবাজারের প্রায় ৩শ’ ফুট সওজ’র সড়ক অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। খানা-খন্দের কারণে ছোট-বড় দুর্ঘটনাও এখানে প্রায়ই ঘটে যাচ্ছে। সড়কটি সংস্কারের জন্য তিনি জোর দাবি জানিয়েছেন।
মঙ্গলবার উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল জাউয়াবাজারসহ গোবিন্দগঞ্জের ব্রীজের পশ্চিম এলাকা ও ছাতক-সুনামগঞ্জ সড়কের খানা-খন্দ জরুরী ভিত্তিতে মেরামত ও সংস্কার করার জন্য সওজ’র সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নিকট একটি চিঠি প্রেরণ করেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল জানান, সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বাজার জাউয়া। রোডকেন্দ্রিক এ বাজারের রয়েছে ইতিহাস ও ঐতিহ্য। সওজ’র সড়ক সংলগ্ন জাউয়াবাজারের এ অংশটুকু দ্রুত সংস্কারের প্রয়োজন রয়েছে বলে তিনি সাধারণ মানুষের দাবির সাথে একমত পোষণ করেনে।  

  • [১]