ছাতক প্রতিনিধি
ছাতকে রাস্তায় মাটি ভরাট কাজের অনিয়ম ও দুর্নীতির সরেজমিনে তদন্ত করেছেন জগন্নাথপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনিয়ম ও দুর্নীতির তদন্ত করেন তিনি।
এসময় এলাকার লোকজন উপস্থিত ছিলেন। চলতি অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ছাতক সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কাবিটা প্রকল্পের আওতায় ছাতক-সুনামগঞ্জ সড়ক হতে বড়বাড়ি গ্রাম পর্যন্ত রাস্তায় মাটি ভরাট কাজের বিপরীতে ২ লাখ ২৯ হাজার ১২৪ টাকা বরাদ্দ দেয়া হয়। স্থানীয় এমপির বিশেষ বরাদ্দের সাকুল্য অর্থ নামমাত্র কাজ করে আত্মসাতের অভিযোগ উঠে ওয়ার্ড মেম্বার আব্দুল মালিকের বিরুদ্ধে।
এ ব্যাপারে ছাতক সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের নুরুল হক প্রকল্পের টাকা আত্মসাত প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে ১০ জুলাই একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার অনিয়ম ও দূর্নীতির বিষয়টি তদন্ত করা হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, বরাদ্দের শতকরা ১০ ভাগ কাজও করা হয়নি। লোক
দেখানো ভাবে ৫-৬ জন লোক দিয়ে সপ্তাহ খানেক কাজ করানো হয়েছে। ইতিমধ্যে বরাদ্দের সিংহভাগ টাকাও উত্তোলন করা হয়েছে।
সাবেক মেম্বার আব্দুস সহিদ জানান, সড়কের পাশে সামান্য মাটি ভরাটের কাজ হয়েছে, যা বরাদ্দের তুলনায় খুরই নগন্য। ২৫ থেকে ৩০ হাজার টাকার কাজ করানো হয়েছে তিনি দাবি করেন।
স্থানীয় জুয়েল মিয়া, আবুল ফজল, সাহাব উদ্দিন, আব্দুর রউফসহ এলাকার একাধিক ব্যক্তি জানান, ৬-৭ জন লোক কয়েকদিন এখানে মাটি ভরাটের কাজ করতে দেখেছেন।
অভিযোগকারী নুরুল হক জানান, গ্রামের রাস্তা উন্নয়নের টাকা নামমাত্র কাজ করে আত্মসাত করা হয়েছে। সচেতন মানুষ হিসেবে তিনি এর প্রতিবাদ করেছেন। কাজের মাস্টার রোলে শ্রমিক হিসেবে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন শিশু শিক্ষার্থীর নামও রয়েছে। ভুয়া নাম-ঠিকানা লিখে মাস্টার রোল জমা দিয়ে টাকা উত্তোলন করা হয়েছে।
ইউপি সদস্য আব্দুল মালিক সিংহভাগ কাজ সম্পন্ন করেছেন দাবি করে জানান, বাকী কাজ চলমান রয়েছে। তিনি মাস্টার রোল জমা দেননি। উপজেলা প্রকল্প অফিস চাইলে মাষ্টার রোল জমা দেবেন।
তদন্তকারী কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন জানান, নিরপেক্ষভাবে সরেজমিনে তদন্ত করার চেষ্টা করেছে। কয়েকদিনের মধ্যেই তদন্ত রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট জমা দেয়া হবে।