সু.খবর ডেস্ক
ছাতকের ভাওগাঁও, সিংচাপইড় ও নোয়ারাই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১১ এপ্রিল ছাতকের ৩ ইউপি সহ দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ও ১১টি পৌরসভায় ষষ্ঠধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ছাতক উপজেলার ভাওগাঁও, সিংচাপইড় ও নোয়ারাই ইউপিতে ২০১৬ সালের ৩১ মার্চ নির্বাচন অনুুষ্ঠিত হয়েছিল।
বুধবার নির্বাচন ভবনে ৭৭ তম কমিশন সভা শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষসময় ১৮ মার্চ, মনোনয়পত্র বাছাই ১৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ। আর ভোটগ্রহণ ১১ এপ্রিল। এর মধ্যে ৩০টি ইউপি ও ১১ টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।
ষষ্ঠ ধাপে যে পৌরসভাগুলোয় ভোট হবে, সেগুলো হলো- ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ, দেবীগঞ্জ, যশোর সদর পৌরসভা ও অভয়নগরের নোয়াপাড়া পৌরসভা। পূর্বঘোষিত ৩২৩টি ইউপির সঙ্গে নতুন করে অর্ধশত ইউপি যোগ হয়েছে।
এবারও গতবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর সদস্য পদে নির্বাচন হবে নির্দলীয়ভাবে। বর্তমানে দেশে ইউপির সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। সবশেষ ২০১৬ সালে ছয় ধাপে ৪ হাজারের বেশি ইউপিতে ভোট করেছিল ইসি। সে সময় ২২ মার্চ ৭৫২টি, ৩১ মার্চ ৬৮৪টি, ২৩ এপ্রিল ৬৮৫টি, ৭ মে ৭৪৩টি, ২৮ মে ৭৩৩টি এবং ৪ জুন ৭২৪টি ইউপিতে অর্থাৎ ছয় ধাপে মোট ৪ হাজার ৩২১টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। বাকি ১৬২টিতে অন্য সময়ে ভোট হয়েছে।
নির্বাচনের আইন অনুযায়ী, ইউপিতে নির্বাচন করতে হয় আগের নির্বাচন থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে। আর পরিষদের মেয়াদ হচ্ছে নির্বাচনের পর প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। সেই অর্থে এবার প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন আইনের নির্ধারিত সময়ের পর হচ্ছে। এক্ষেত্রে আইটি জটিলতা এড়াতে করোনা মহামারির সুযোগ নিয়ে ভোট কিছুটা পিছিয়ে দিয়েছে ইসি।