ছাতক প্রতিনিধি
ছাতকে কাবিটা ও টিআর’র বরাদ্ধকৃত টাকা প্রস্তাবিত প্রকল্প পরিবর্তন করে বরাদ্দের টাকা অন্য প্রকল্পে ব্যয় করার অভিযোগ তুলেছেন ইউপি সদস্যবৃন্দ। এ ব্যাপারে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ৭ ইউপি সদস্য।
জানা যায়, ছাতক সদর ইউনিয়নে ২০১৬-১৭ অর্থ বছরের কাবিটা ও টিআর প্রকল্পের বরাদ্দ থেকে অর্ধেক সৌর বিদ্যুৎ
খাতে এবং বাকী বরাদ্দ আন্ধারীগাঁও রাস্তা থেকে আব্দুল¬াহ শাহ’র মাজার পর্যন্ত ও শ্যানপাড়া কান্দিগাঁও রাস্তা থেকে মানসীনগর আব্দুল আহাদের পুরাতন বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। গত ২২ জানুয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যগণের আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত হয়। কিন্তু এই সিদ্ধান্তের পর সদস্যগণের অজ্ঞাতে প্রকল্প পরিবর্তন ও নতুন কমিটি করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্যালয়ে জমা দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে ইউপি সদস্য মখছুদুল হাসান আতর, আব্দুস সালাম, সুলতান মিয়া, মুহিবুর রহমান, আতাউর রহমান, আব্দুল মালিক ও সদস্যা আফিয়া বেগম স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেয়া হয়।
ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, সভার রেজুলেশন মতে বরাদ্দের অর্ধেক টাকা সৌর বিদ্যুৎ খাতে এবং বাকি টাকার ৬৪ হাজার টাকা ব্রাহ্মণগাঁও জামে মসজিদের সামনের জায়গা ভরাট ও চাইরচিরা মফিজ আলীর বাড়ির সামনা থেকে গ্রামের দক্ষিণের রাস্তা পর্যন্ত রাস্তায় মাটি ভরাট কাজ করার সিদ্ধান্ত হয়েছে। যা পরিষদের খাতায় রেজুলেশন আকারে লিপিবদ্ধ করা আছে।