বিজয় রায়, ছাতক
ছাতকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে মোট ১৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০জন, সংরক্ষিত আসনে ২৫জন এবং সাধারণ সদস্য পদে ১১০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন স্ব স্ব ইউনিয়নে নিযুক্ত রিটার্নিং অফিসারের কাছে। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ১৩টি ইউনিয়নেই বিএনপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কলিমউদ্দিন আহমদ মিলন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়াম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, হিফজুল বারী শিমুলসহ নেতৃবৃন্দ দলীয় প্রার্থীদের সাথে থেকে মনোনয়ন পত্র জমা দেন।
গত সোমবার সকাল ৯টা থেকে অফিস চলাকালীন সময় পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তারা।
বিএনপি প্রার্থী ছাতক সদর ইউনিয়নে জাহেদুল ইসলাম আহবাব, উত্তর খুরমা ইউনিয়নে আব্দুল আলিম, কালারুকা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নজরুল হক, দক্ষিন খুরমা ইউনিয়নে জাহাঙ্গির আলম, নোয়ারাই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হাজী জোয়াদ আলী তালুকদার, চরমহলা ইউনিয়নে আবুল হাসনাত, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে দেলোয়ার হোসেন নাজমুল, সিংচাপইড় ইউনিয়নে গাজী ফরহাদ হোসেন মিল্টন, জাউয়াবাজার ইউনিয়নে এনামুল হক, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে ছায়াদ মিয়া, দোলারবাজার ইউনিয়নে নুরুল আলম ও ভাতগাঁও ইউনিয়নে এসএম ছমরু মিয়া মাষ্টার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ইসলামপুর ইউনিয়নে খেলাফত মজলিসের মাও. আকিক হোসাইন, কালারুকা ইউনিয়নে জামায়াতের নজমুল হোসেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও খেলাফত মজলিসের জেলা সভাপতি মাও. ইমাম উদ্দিন, মজলিস নেতা মাও. আক্তার হোসেন, ফারুক আহমদ, মাও. জাকির আহমদ, মাও. জমির উদ্দিন, মাও. আনোয়ার হোসাইনমাও. দীন মোহাম্মদ, মাও বিলাল আহমদসহ নেতৃবৃন্দ প্রার্থীর সাথে ছিলেন।
এ ছাড়া মনোনয়ন পত্র জমা দিয়েছেন খেলাফত মজলিসের মাও. আরিফুল হক ইদ্রিছ, জাউয়াবাজার ইউনিয়নে জাতীয় পার্টির আবুল কালাম, স্বতন্ত্র আল আমিন, জাহাঙ্গির আলম ও সবেদ আহমদ।