ছাতক প্রতিনিধি
ছাতকে গত এক সপ্তাহে বন্যার পানিতে দু’শিশুসহ ৪ ব্যক্তি নিখোঁজ হয়েছে। এর মধ্যে এক জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। রোবাবর বাড়ির আঙ্গিনায় আসা বন্যার পানিতে সাঁতার কাটতে গিয়ে বন্যার পানির প্রবল স্রোতে তলিয়ে গেছে দুই চাচাতো ভাই। দুপুরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় অহিদুজ্জামান রাসান (১২) ও তার চাচাতো ভাই হামিদুজ্জামান আবিদ (৮)।
অহিদুজ্জামান রাসান ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা কারুজ্জামানের পুত্র ও ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এবং হামিদুজ্জামান আবিদ একই গ্রামের বদরুজ্জামানের পুত্র ও গোয়ালগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
স্থানীয় সুত্রে জানা যায় দুপুরে বাড়ির আঙ্গিনায় আসা বন্যার পানিতে সাঁতার কাটতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় আবিদ। এসময় ছোট ভাইকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেয় রাসান। আপন চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে আবিদের সাথে রাসানও পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে গ্রামের লোকজন বানের পানিতে অনেক খোঁজাখুজি করেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল কয়েক ঘণ্টা চেষ্টা করে তাদের কোন সন্ধান পায়নি। এদিকে পানিতে দু’শিশুর সলিল সমাধি হওয়ায় গোয়ালগাঁও গ্রামে বইছে শোকের মাতম। পুত্র হারা মাতা-পিতার আহাজারিতে এখানের বাতাস ভারি হয়ে উঠেছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে বটেরখাল নদীতে সাঁতার কাটতে গিয়ে পারভেজ আলম (১১) নামের এক মাদাসা ছাত্র পানিতে তলিয়ে যায়। সন্ধ্যায় বটের খালের উপর নির্মিত একটি বাঁশের সাঁকোর খুঁটির সাথে আটকা পড়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পারভেজ সিংচাপইড় ইউনিয়নের সদুখালী গ্রামের ইলিয়াছ আলীর পুত্র ও সিংচাপইড় আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। মঙ্গলবার সকালে ছাতকের সুরমা নদীতে নাঈম আহমদ (২১) নামের এক কার্গো শ্রমিক নিখোঁজ হয়েছে। সকালে সুরমা নদীর টেংগারগাঁও এলাকায় নোঙ্গর তোলার সময় পা ফঁসকে নদীতে পড়ে যায় নাঈম। পাথর বোঝাই করা এমভি হিমিমালা নামের কার্গোটির ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রশি খুলে নোঙ্গর উঠানোর সময় পা ফঁসকেতে সুরমা নদীতে পড়ে তলিয়ে যায় নাঈম। তার সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির করেও তার কোন সন্ধান পাওয়া যায় নি। নাঈম আহমদ নড়াইল জেলার লোহাগড়া থানার চরবক জুড়ি গ্রামের শওকত আহমদের পুত্র। এ ঘটনায় বিকেলে ছাতক থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।