ছাতক প্রতিনিধি
ছাতকে কাবিটা প্রকল্পের অর্থ নামমাত্র কাজ করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। চলতি অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এমপি’র দেয়া বিশেষ বরাদ্দ সড়কে মাটি ভরাটের টাকা কাজ না করিয়ে আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে ইউপি সদস্য আব্দুল মালিকের বিরুদ্ধে । এ ব্যাপারে ছাতক সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের নুরুল হক প্রকল্পের টাকা আত্মসাত প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে ১০ জুলাই একটি লিখিত
অভিযোগ দিয়েছেন।
জানা যায়, ছাতক সদর ইউনিয়নের ছাতক-সুনামগঞ্জ সড়ক হতে বড়বাড়ি গ্রাম পর্যন্ত রাস্তায় মাটি ভরাট কাজে স্থানীয় এমপি বিশেষ বরাদ্দ দেন। চলতি অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাবিটা প্রকল্পের আওতায় ২লাখ ২৯ হাজার ১২৪ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি সম্পাদনে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল মালিককে দায়িত্ব দেয়া হয়। প্রকল্পে মাটি ভরাট না করে নামমাত্র মাটি ফেলে প্রকল্পের সমূদয় টাকা আত্মসাত করেছেন ইউপি সদস্য আব্দুল মালিক। বিষয়টি তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয় অভিযোগে।
এছাড়া বড়বাড়ি গ্রামে এফআইভিডিবি স্কুলে সোলার প্যানেল স্থাপনে ১ লক্ষ টাকার মধ্যে নামমাত্র মূল্যের একটি সৌর প্যানেল স্থাপন করে বাকী টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
ইউপি সদস্য আব্দুল মালিক জানান, বরাদ্দের টাকা এখনো উত্তোলন করা হয়নি। আর সোলার প্যানের ১লক্ষ টাকার মধ্যে ৬৫ হাজার টাকা দিয়ে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে এবং বাকী টাকা অন্য খাতে ব্যয় করা হয়েছে। আত্মসাতের বিষয়টি ভিত্তিহীন।