- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ছাতক প্রতিনিধি
ছাতকে খাদ্যবান্ধব কর্মসূচীর নিয়োগপ্রাপ্ত এক ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলা উত্তর খুরমা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল বিক্রির নিয়োগপ্রাপ্ত ডিলার আব্দুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ এনে একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার আজাদ মিয়া সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ (নং—২১৫) দিয়েছেন। অভিযোগের অনুলিপি সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বরাবরে দেয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ইউনিয়নের রুক্কা গ্রামের বাসিন্দা মৃত. আব্দুর রহিম সাধু মিয়ার পুত্র আব্দুর রহমান খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল বিক্রির ডিলার নিযুক্ত হয়েছেন প্রতারণার আশ্রয় নিয়ে। সরকারি বিধি অনুযায়ী প্রত্যক ডিলারদের নির্দিষ্ট বাজারে পাকা দালানকোঠা থাকা আবশ্যক। আব্দুর রহমান ডিলার নিয়োগের আবেদনে স্থানীয় গাবুরগাঁও পয়েন্টে তার একটি দোকানকোঠা রয়েছে বলে উল্লেখ করেছেন। বাস্তবে উল্লেখিত গাবুরগাঁও পয়েন্টে তার কোন দোকানকোঠা নেই। তিনি প্রতারণার আশ্রয় নিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল বিক্রির ডিলার নিযুক্ত হয়ে সরকারি সাকুল্য চাল তার নিজ বসত ঘরে মওজুদ করে রাখেন। পরে লোক দেখানো ভাবে কিছু বিক্রি করে বাকী চাল উপকারভোগিদের না দিয়ে আত্মসাৎ করে যাচ্ছেন। উপকারভোগী তালিকায় থাকা ১৮, ২০, ২২ ও ৩৬ নং নামের বিপরীতে থাকা লোকজনদের কোন কার্ড বা মালামাল দেয়া হয়নি। এরকম আরো ২২ উপকারভোগী রয়েছেন যারা ডিলারের বাড়ি থেকে চাল আনতে যায়নি। বিষয়টি জনস্বার্থে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা সহ নতুন ডিলার নিয়োগে দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান অভিযোগ প্রাপ্তীর কথা স্বীকার করে জানান, বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

  • [১]