- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে গোপন বৈঠক থেকে জেলা আমিরসহ ৩ জামায়াত নেতা আটক

ছাতক প্রতিনিধি
ছাতকে জামায়াত-শিবিরের গোপন বৈঠক থেকে ৩ জামায়াত নেতা ও তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ছাতক সদর ইউনিয়নের মানসীনগর গ্রামের জামাত নেতা আবু সালেহ নোমানের বাড়িতে চলমান গোপন বৈঠকে হানা দিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, জেলা জামায়াতের আমির ও শহরের আল-হেরা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. তোফায়েল আহমদ খান, ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমির মাও. জালাল উদ্দিন ও ছাতক সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আবু বক্কর। এসময় ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে মানসীনগর গ্রামের জামায়াত নেতা আবু সালেহ নোমানের বাড়িতে জেলার আমিরসহ বিভিন্ন এলাকার অর্ধশতাধিক জামায়াত-শিবির নেতা গোপন বৈঠকে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই আব্দুন নূরসহ পুলিশের একটি দল গোপন বৈঠকে হানা দেয়ার আগেই অর্ধশতাধিক জামাত-শিবির নেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে  
 যায়। এসময় ঘটনাস্থল থেকে জামাতের ৩ নেতাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। স্থানীয় লোকজনের ধারনা আসন্ন শারদীয় উৎসবকে সামনে রেখে নাশকতামুলক কর্মকান্ড ঘটানোর লক্ষ্যে জামাত-শিবিরের এ গোপন বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ৩ জনকে আটকের সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের সুনামগঞ্জ আদালতে চালান দেয়া হবে।

  • [১]