ছাতক প্রতিনিধি
যুক্তরাজ্যে বসবাসরত সচেতন ছাতকবাসীর উদ্যোগে ছাতকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত চরমহল্লা ইউনিয়নের চরমাধব, নূরেরচর, খরিদিচর ও দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধলানি ও পুরাকাটি গ্রামের ক্ষতিগ্রস্ত ১শ’টি পরিবারের গৃহ নির্মাণ প্রকল্পের প্রথম ধাপে নির্মিত ১০টি ঘরের নির্মাণসামগ্রী হস্তান্তর ও ২য় ধাপে আরো ১০টি ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার নির্মিত এসব ঘরের মালিকদের হাতে আনুষ্ঠানিক চাবি হস্তান্তর এবং নতুন ঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন,‘গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্প’ ইউ-কের প্রধান সমন্বয়কারী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি ও কমিউনিটি নেতা হাজী জমাল উদ্দিন মখদ্দুছ, প্রবাসী কমিউনিটি নেতা মোহন মিয়া চৌধুরী, ‘গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের’ বাংলাদেশের সমম্বয়ক সাদিকুর রহমান সাদিক, যুক্তরাজ্য প্রবাসী সামসুদ্দিন তালুকদার, স্বেচ্ছাসেবী আব্দুল্লাহ আল-মামুন, জয়নুল আহমদ ও আবু খালেদ। এ সময় স্থানীয় আব্দুস সোবহান, ইউপি সদস্য সামসুদ্দিন, নুরুজ্জামান, খোয়াজ আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।