ছাতক প্রতিনিধি
ছাতকে গ্রামীণ ফোনের ফ্লেক্সিলোডের ডিষ্ট্রিবিউটর দিন-দুপুরে ছিনতাইর শিকার হয়েছে। ছিনতাইকারীরা ফ্লেক্সিলোডের ডিষ্ট্রিবিউটর বদরুল আলম রুবেল (২২)কে উপর্যুপরি ছুরিকাঘাত করে ব্যাগসহ কোম্পানির প্রায় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাকে আশংকাজনকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর প্রায় আড়াইটার সময় ছাতক সদর ইউনিয়নের
আন্ধারীগাঁও পয়েন্টে এ ছিনতাইর ঘটনা ঘটে। ডিষ্ট্রিবিউটর বদরুল আলম রুবেল গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোয়াশপুর গ্রামের আবু সাইদের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্ধারীগাঁও পয়েন্টে কয়েকটি ফ্লেক্সিলোডের দোকানে লোড দিয়ে অন্য একটি দোকানে যাওয়ার সময় ৩ জনের একটি ছিনতাইকারী দল তার গতিরোধ করে। এসময় রুবেলের কাছে থাকা ফ্লেক্সিলোডে প্রায় ৩ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। কাড়াকাড়ি করার এক পর্যায়ে ছিনতাইকারীরা রুবেলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা গ্রামের ভিতর ঢুকে গা ঢাকা দেয়। আহত রুবেলকে প্রথমে ছাতক হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে একই স্থানে দু’টি সিএনজিতে ডাকাতিসহ এ সড়কে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। দিন-দুপুরে ছিনতাই ঘন-ঘন ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে আতংক। খবর পেয়ে ছাতক থানার এসআই সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসআই সোহেল রানা জানান, ছিনতাইর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। ছিনতাইর ঘটনায় জড়িত ছালেক মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।