ছাতক প্রতিনিধি
ছাতকে জঙ্গি তৎপরতার বৃদ্ধি নিয়ে উপজেলা জুড়ে বিরাজ করছে এক অজানা আতংক। শীর্ষ ও পুরস্কার ঘোষিত জঙ্গিসহ একাধিক জঙ্গি গ্রেফতার ও
সর্বশেষ গাজীপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে জঙ্গি সাইফুর রহমান বাবলু নিহত হওয়ায় এখানে জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি এখন সর্বত্র আলোচিত হয়ে উঠেছে। ছাতকের সাথে জঙ্গি নামের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ট হয়ে উঠায় নিজ সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। এখন পর্যন্ত শীর্ষ জঙ্গিসহ ৪ জঙ্গি গ্রেফতার ও এক জঙ্গি পুলিশের অভিযানে নিহত হয়েছে। আরো অনেক জঙ্গি বিভিন্নভাবে ও পরিচয়ে এখানে জঙ্গি তৎপরতা চালাচ্ছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। সীমান্ত অঞ্চল হওয়ায় জঙ্গিরা এ অঞ্চলকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে বলে তাদের অভিমত। ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি-বাহাদুরপুর গ্রামের কথিত পীরের খানকা নামের আস্তানায় জঙ্গি তৎপরতা ও গোপন বৈঠক করার অভিযোগ তুলেছে এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর আলোচিত খানকা ঘরে তল্লাশী চালিয়ে খানকায় তালা ঝুলিয়ে দেয় থানা-পুলিশ। গোপন বৈঠক ও জঙ্গি তৎপরতার অভিযোগে প্রায় দু’ মাস আগে শহর ও শহরের বাইরে একাধিক স্থানে গভীর রাতে তল্লাশি চালায় র্যাব। চলতি বছরে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে এবং প্রধানমন্ত্রীসহ সরকারের একাধিক মন্ত্রী ও এমপিকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে হুমকিদাতা ইসলামপুর ইউনিয়নের গাংপাড়-নোয়াকোট গ্রামের আব্দুল হককে গ্রেফতার করে পুলিশ। উপমহাদেশের শীর্ষ সাইবার ক্রিমিনাল আব্দুল হকের বিরুদ্ধে ইন্টারনেটে জঙ্গি তৎপরতা চালানোরও অভিযোগে তাকে সিলেট শহর থেকে গ্রেফতার করে পুলিশ। আব্দুল হক গ্রেফতার হওয়ার প্রায় এক সপ্তাহ পর তার সহযোগী একই ইউনিয়নের নীজগাঁও গ্রামের তোফজ্জল হোসেনের পুত্র আনিনুর রহমানকেও সিলেট থেকে গ্রেফতার করা হয়। এশিয়ার বৃহত্তম ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় গত রমজানের ঈদের জামাতে জঙ্গি হামলার মুল পরিকল্পনাকারী ছাতকের ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা আল-হিকমা জামেয়া মাদ্রাসার অধ্যক্ষ মেহেদী হাসানকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর সরকারের ১৮ লক্ষ টাকা পুরস্কার ঘোষিত দেশের ছয় শীর্ষ খুনীর অন্যতম আনসারুলাহ বাংলা টিমের (এবিটি) সামরিক সদস্য শামীম ওরফে সামির ওরফে ইমরান ওরফে সিফাতের বাড়ি ছাতকে। সিফাত ওরফে শামীম কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের পুত্র। সিফাত জঙ্গিদের কিলিং মিশনের সার্বিক সমন্বয়কারী ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করতেন। ২৪ আগস্ট তাকে ঢাকার টঙ্গি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ ৮অক্টোবর গাজীপুরে পুলিশের অভিযানে নিহত হয় ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি-ডিমকা গ্রামের মতিউর রহমান ওরফে ময়না শাহ ও হোসনেআরা বেগমের একমাত্র পুত্র সাইফুর রহমান ওরফে বাবলু (২৫)।
আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি মতে গাজীপুরে নিহত ৯ জঙ্গির মধ্যে ৩ জনের বাড়ি ছাতক উপজেলায়। কিন্তু ছাতক থানা-পুলিশ এখন পর্যন্ত সাইফুর রহমান বাবলুকে সনাক্ত করতে পেরেছে। এদিকে একই সাথে নিখোঁজ হওয়া সাইফুর রহমান বাবলুর বাল্যবন্ধু একই গ্রামের আব্দুস ছালামের পুত্র আব্দুল বাছিত (২৩)’র কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। বাছিতও কোন জঙ্গি গ্রুপের সাথে আত্মোগোপনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।