- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে টুকরীর কদর কমেনি

বিজয় রায়, ছাতক
ছাতকসহ সুনামগঞ্জ জেলার সর্বত্র ও কোম্পনীগঞ্জ এলাকায় পাথর ও বালু বহনের বিশেষ ধরনের টুকরী ব্যবহার হয়ে আসছে যুগ-যুগ ধরে। বর্ষা মৌসুমে এ টুকরীর বাজার জমজমাট হয়ে উঠে। হস্ত নির্মাণ শিল্পের তিনটি ধাপ পেরিয়ে পাথর ও পাথর জাতীয় পদার্থ বহনের উপযোগি করে নির্মাণ করা হয় এ টুকরী। পাথর, বালু ব্যবসার গোড়াপত্তন থেকেই এ বিশেষ ধরণের টুকরীর কদর ছিল এবং বর্তমানে সময়েও এ টুকরীর কদর এতাটুকু কমেনি। লক্ষ-লক্ষ পাথর শ্রমিকের কর্মজীবনের সাথে এ টুকরী ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ ধরণের এ টুকরী নির্মাণ ও বাজারজাত এবং ব্যবহার করে লক্ষ-লক্ষ শ্রমজীবী পরিবার জীবন জীবিকা নির্বাহ করে আসছে।
প্রতিষ্ঠিত ব্যবসা কেন্দ্র হিসেবে ছাতকের ইতিহাসের   
সাথে বাঁশ-বেতের তৈরী টুকরীর নাম জড়িয়ে আছে। চুন, চুনাপাথর, পাথর ও বালু বহনের জন্য এ টুকরী ব্যবহৃত হয়ে থাকে। সীমান্ত অঞ্চল ছাতকের পর্যাপ্ত বাঁশ-বেতের উপর এক সময় এ অঞ্চলের অনেক গ্রামেই কুটির শিল্পের কাজে নিয়োজিত ছিল। কালের প্রভাবে অনেক কিছুই হারিয়ে গেলেও টুকরীর চাহিদা দিন দিন বেড়েই চলছে। ছাতকের নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের এখনো বাঁশ-বেতের তৈরী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরী করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছে। এর মধ্যে পাথর শ্রমিককের কাছে টুকরীর চাহিদা রয়েছে সবচেয়ে বেশী। বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করে বাঁশের তৈরী টুকরী বাজারে এনে বেত দিয়ে এক বিশেষ আকৃতিতে পরিনত করা হয়। এসব টুকরীকে পাথর-বালু বহনের উপযোগি করে তুলতে এক ঝাঁক শ্রমিক বাজারে নিয়মিত কাজ করে যাচ্ছে। অপরিকল্পিত আবাসন গড়ে উঠায় ক্রমেই টুকরী প্রস্তুতের প্রধান উপাদান বেত হারিয়ে যাচ্ছে। বেতের স্বল্পতার কারণে এখন এর সাথে ব্যবহার করা হচ্ছে প্লাষ্টিকের সম ব্যাসের তার। বেত ও পাষ্টিকের তার দিয়ে পাথর বহনের জন্য প্রস্তুত করা হয় এক বিশেষ ধরনের টুকরী। বর্ষা মৌসুমে পাথর-বালু ব্যবসার বাজার থাকে চাঙ্গা। নৌাকা, কার্গো-বার্জে পাথর-বালু লোডিং-আনলোডিংয়ে লক্ষ-লক্ষ শ্রমিকরা এ টুকরী ব্যবহার করে থাকে। বর্তমানে গ্রামের কুটির শিল্পীদের কাছ থেকে ৩০ থেকে ৩৫টাকায় ক্রয় করে বাজারে এনে ্টসেব টুকরীকে বেত ও প্লাষ্টিকের তার দিয়ে পাথর বহনের বিশেষ উপযোগি করে তোলা হয়। পরে বিশেষ ধরনের এ টুকরী ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হয় পাথর শ্রমিকদের কাছে। তৃতীয় ধাপে শ্রমিকরা ক্রয়কৃত টুকরীর নিচের দিকে চারটি শীরে ও তলে রিক্সার টায়ার বিশেষ পদ্ধতিতে ব্যবহার করে পরিপূর্ণভাবে প্রস্থুত করা হয়। আর এ টুকরীই পাথর ব্যবসার জন্ম লগ্ন থেকে আজোবদি ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীনতম শৈল্পিক এ টুকরী সারা বছরের তুলনায় বর্ষা মৌসুমে চাহিদা থাকে বেশী। বর্ষায় পাথর ব্যবসা জমজমাট থাকার কারণে পাথর বহনের এ বিশেষ ধরনের টুকরীর প্রয়োজনীতা  দেখা দেয়। বিভিন্ন সময় দাবি আদায়ের লক্ষে ব্যবসায়ী, নৌ-পরিবহন মালিক-শ্রমিক আন্দোলনে গেলে টুকরী ব্যবসায়ীদের ব্যবসায় ধস নেমে আসে। টুকরী ব্যবসা রক্ষায় প্রয়োজনে ক্ষুদ্রঋণ ও সরকারি সুবিধা দেয়ার দাবি জানিয়েছেন টুকরী শিল্পীরা।  

  • [১]