ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার নামে সড়ক ও জনপথ বিভাগের রাস্তায় আবারো টোল আদায় করার প্রতিবাদে বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় ছাতক ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বৃহস্পতিবার সকালে ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক সমিতির সহ-সভাপতি এমাদ উদ্দিনের সভাপতিত্বে সড়কে প্রতিবাদ সভাও করে। ধর্মঘটের ফলে ছাতক-সিলেট সড়কের ১নং ব্রীজের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান থেকে পৌরসভার নামে টোল আদায় করা হচ্ছিল। সড়ক ও জনপথের সড়কে পৌরসভার এ টোল আদায় অবৈধ দাবি করে উচ্চ আদালতে একটি রীট আবেদন (নং ৪৬৪০) করেছেন ট্রাক-পিকআপ-কাভার্ড-ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া তালুকদার। এ প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ গত ২১ এপ্রিল পৌর সভার নামে টোল আদায় বন্ধ করতে ৬ মাসের নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। পৌর কর্তৃপক্ষ টোল আদায় অব্যাহত রাখলে ২ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসলাম উদ্দিন টোল আদায় বন্ধ করে দেন। প্রায় দু’সপ্তাহ টোল আদায় বন্ধ থাকলে ১৪ আগস্ট সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অপর একটি আদেশে বুধবার থেকে আবারও টোল আদায় শুরু করা হয়। এর প্রতিবাদে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতি অনিদিষ্টকালের জন্য ধর্মঘটটের ডাক দেয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসলাম উদ্দিন জানান, আব্দুস সালাম নামের ইজারাদার পক্ষ সুপ্রীম কোর্টের আপীল ডিভিশন থেকে ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ নিয়ে এসেছেন।