ছাতক প্রতিনিধি
ট্রাফিক সার্জনকে ১হাজার টাকা বখরা দিয়ে মুক্ত হলেন ছাতকের কৈতক হাসপাতালের ইনচার্জ ডা. মোজহারুল ইসলাম। গতকাল বুধবার দুপুরে লামাকাজী ব্রীজে এ ঘটনা ঘটে। ডা. মোজহারুল ইসলাম নিজের পরিচয় দিয়েও ট্রাফিকের হাত থেকে মুক্ত হতে পারেননি। বখরা দিয়েই তাকে ট্রাফিক মুক্ত হতে হয়েছে।
ডা. মোজহারুল ইসলাম জানান, সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তার নিকটাত্মীয় মুমূর্ষু রোগীকে দেখতে তিনি কৈতক থেকে একটি প্রাইভেট কার নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। বেলা প্রায় ২টার দিকে লামাকাজী ব্রীজ এলাকায় ট্রাফিক সার্জন স্নেহাংশু তার গাড়িটির গতি রোধ করে চালককে প্রয়োজনীয় কাগজ-পত্র দেখাতে বলেন। এসময় চালক তাড়াহুড়ার জন্য তার প্রয়োজনীয় কাগজ-পত্র সাথে আনতে পারেনি বলে ট্রাফিককে জানান। ট্রাফিক আইনে গাড়িটি আটকে রাখায় তিনি গাড়ি থেকে নেমে ট্রাফিককে তার পরিচয় দিয়ে ছেড়ে দিতে অনুনয়-বিনয় করেন। কিন্তু কিছুতেই ট্রাফিক স্নেহাংশু আইনের কথা বলে গাড়িটি আটকে রাখেন। এক পর্যায়ে চালক তার পকেট থেকে ১হাজার টাকা ট্রাফিক স্নেহাংশুর হাতে ধরিয়ে দিতেই সব সমস্যার সমাধান হয়ে যায়। তিনি এ ট্রাফিকের এসব কীর্তি দেখে হতভম্ব হয়েছেন। চালকের অপরাধের জন্য তার বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা রুজু না করে শুধুমাত্র বখরা আদায়ের জন্য এ ট্রাফিক স্নেহাংশুর ফন্দি-ফিকিরে তিনি মর্মাহত হয়েছেন। তিনি বিষয়টি ডিআইজিকে অবহিত করেছেন বলে জানান।