- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার ৬

ছাতক প্রতিনিধি
ছাতকে ডাকাত এবং ডাকাত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
গত মঙ্গলবার রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি ও উত্তরখুরমা ইউনিয়নের গাবুরগাঁও গ্রাম থেকে তারদের গ্রেফতার করা হয়।
জানা যায়, ডাকাতি সহ বিভিন্ন মামলার পলাতক আসামী বাচ্চু মিয়া (২৯) কে গ্রেপ্তার করা হয় তার নিজ বাড়ি থেকে। সে নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের ইসমাইল আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ছাতক থানার ইন্সপেক্টর তদন্ত মিজানুর রহমান ও সেকেন্ড অফিসার হাবিবুর রহমান (পিপিএম) অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করেন। ডাকাত বাচ্চু মিয়ার বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বিভিন্ন থানায় চুরি-ডাকাতি, পুলিশ এসল্ট, নারী ও শিশু নির্যাতন, দ্রুত বিচার আইনসহ ১৩টি মামলা রয়েছে।
এদিকে মঙ্গলবার গভীর রাতে সন্দেহে ৫জনকে আটক করে পুলিশে সোপর্দ করে উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদসহ স্থানীয় লোকজন। আটককৃতরা হলেন মাদারীপুর জেলার শিবচর থানার নিলক্ষী বন্দর ইউনিয়নের নিলক্ষী পশ্চিম পাড়া গ্রামের মৃত রতন বেপারীর পুত্র মাহবুব বেপারী (৩৫), মৃত চান মিয়া বেপারীর পুত্র জাকির বেপারী (৩৬), নাটোর জেলার নাটোর থানা সদরের বর হরিষপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত আহাদ আলীর পুত্র শাহাদাত হোসেন সেন্টু (৩৭), মৃত মোতালেবের পুত্র মাসুদ রানা (২৯) ও মৃত আসাদুজ্জামানের পুত্র আশরাফী আহমেদ রাকিন(২২)। এসময় তাদের কাছ থেকে একটি ছোরা ও একটি বড় আকারের কেচি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভির রাতে গাবুরগাঁও পয়েন্টে স্থানে রাস্তায় একটি সিএনজি ফোরস্ট্রোকে ভিতরে বসা অবস্থায় ছিল ওই ৫জন। ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ছাতক শহর থেকে নিজবাড়ি আমেরতল গ্রামের যাওয়ার পথে সিএনজিতে মানুষ দেখে তার সন্দেহের সৃষ্টি হয়। তিনি গাড়ি থামিয়ে সিএনজিতে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। তাদের কথাবার্তায় চরম অসঙ্গতি ও মিথ্যাচার দেখে স্থানীয় লোকজনদের ডেকে এনে তাদের আটক করে ডাকাত সন্দেহে পুলিশে সোপর্দ করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ডাকাত সহ ৫ জনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • [১]