ছাতক পতিনিধি
ছাতকে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের উদ্যোগে বুধবার সকালে রেলওয়ে মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় প্রাণিসম্পদ প্রর্দশনীতে ৪০টি স্টল বসে। প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে এবং সাজু তালুকদার ও ইমান আলী’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম ও আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী। প্রর্দশনীতে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান খান। এসময় উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের আলমগীর হোসেন, দিগেন্দ্র লাল, সুমন চক্রবর্ত্রী, অমিতাব সরকার, শামিম আহমদ, জাকির মিয়া, ইউপি এলএফএফ’র শামিম আহমদ, আলাল মিয়া, আব্দুল কাহার, জ্যোৎসা বেগম, জাকারিয়া আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রদর্শনীর ৪০ টি স্টলে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, বিড়াল, মোরগ, ঘোড়া, টার্কি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির প্রাণির প্রদর্শন করা হয়েছে। পরে খামারিদের মধ্যে নগদ অর্থ, সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়। বৌলা এলাকার বদরুল আমিন রুবেল সহ ১০ জন শ্রেষ্ঠ খামালীকে পুরস্কৃত করা হয়।
খামারী শুকুর আলী জানান তিনি প্রতিবছর প্রানী সম্পদ প্রদর্শনীতে খামারী হিসেবে পশু নিয়ে অংশগ্রহণ করেন। এ বছর গরু নিয়ে প্রদর্শনীতে উপস্থিত হলে তাকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়নি। তার মতো অনেকেই বিমুখ হয়ে প্রদর্শনী থেকে ফিরে গেছেন।
এদিকে উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আসাদ আহমেদ টিটু জানান, ডেইরি ফার্ম মালিকদের এ প্রদর্শনীতে আমন্ত্রন জানানো হয়নি। ফলে মেলায় বসানো ৪০ টি ষ্টলের মধ্যে অধিকাংশ ষ্টলই ফাঁকা ছিলো। ফলে উন্নত হাইব্রীড জাতের কোন পশু মেলায় প্রদর্শিত হয়নি। এ ছাড়া অনেকটা দায়সাড়া ভাবে প্রদর্শনীর আয়োজন করায় নির্ধারিত সময়ের আগেই মেলার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে খামারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের আলমগীর হোসেন জানান উপজেলায় ৩৫ টি রেজিষ্ট্রেশনকৃত খামারসহ মোট খামার রয়েছে প্রায় ১২০ টি। অনেক খামারীই পশু-পাখি নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়ছেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, ফার্ম মালিকদের জানানোর জন্য উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতিকে দায়িত্ব দেয়া হয়েছে।