ছাতক প্রতিনিধি
ছাতকে পৃথক ঘটনায় দুই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার বিকেলে সুরমা নদীতে এবং জাউয়াবাজারে এ দু’টি মৃত্যুর ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে জাউয়া বাজারস্থ মেঘনা বেকারীর শ্রমিক জায়েদ হোসেন(২২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হরিস্মরণ গ্রামের
আতাউর রহমানের পুত্র। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছেন।
এদিকে মঙ্গলবার রাতে শহরের সুরমা নদী থেকে আকিজ ফুড এন্ড বেভারেজ কোম্পানীর শ্রমিক বাবু নাইডু (১৮)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। কাজ শেষে সন্ধ্যায় কারখানা সংলগ্ন সুরমা নদীতে গোসল করতে গিয়ে সে পানিতে তলিয়ে মারা যায়। সে মৌলভীবাজার জেলার কুলাউড়া তারাপাশা চা বাগানের শ্রমিক সৎমু নাইডুর পুত্র। বাবু নাইডু জলাতংক রোগে আক্রান্ত বলে জানা গেছে। এ ঘটনায় থানায় পৃথক ইউডি মামলা রুজু করা হয়েছে।