- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে দু’পক্ষের সংঘর্ষ আহত ১০, আটক ১

ছাতক প্রতিনিধি
ছাতকে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে।
রবিবার রাতে উপজেলার ইসলামাপুর ইউনিয়নের বাহাদুপুর-আফজালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ভূমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বাহাদুপুর-আফজালপুর গ্রামের মৃত. নজিব আহমদের পুত্র হাজী কফিল উদ্দিন ও মৃত. জাবির আহমদের পুত্র অলি মিয়ার মধ্যে। রবিবার রাতে বিষয়টি নিঃস্পত্তির লক্ষ্যে বাহাদুপুর-আফজালপুর মসজিদ সংলগ্ন মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈঠকে বসেন। বৈঠক চলাকালে এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনার। কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়।
গুরুতর আহত হাজী কফিল মিয়া (৬৫), আনোয়ার পাশা (৩৫), জামিল আহমদ (২৬) ও ইব্রাহিম আলী (২৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়। আলী আহমদ (২২), ফয়েজ আহমদ (২৪) সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মাহতাব মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় ইউপি সদস্য বাহার উদ্দিন এ ব্যাপারে জানান, বিষয়টি আপোষে নিঃস্পত্তির চেষ্টা চলছে।
সংঘর্ষ ও আটকের কথা স্বীকার করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।

  • [১]