- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে দুর্বৃত্তদের হামলায় ৩ মুক্তিযোদ্ধা আহত

ছাতক প্রতিনিধি
ছাতকে দুর্বৃত্তদের পৃথক হামলায় ৩ মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনিটিলা গ্রামের মৃত সিরাজ আলীর পুত্র মুক্তিযোদ্ধা আজির উদ্দিন (৭০), ছৈদাবাদ গ্রামের মৃত কালা মিয়ার পুত্র মুক্তিযোদ্ধা বাদশা মিয়া (৬০) ও রহমতপুর গ্রামের মৃত. ইউনুফ আলীর পুত্র মুক্তিযোদ্ধা আরকুম আলী (৬২)। এর মধ্যে আরকুম আলীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, রবিবার বিকেলে কতিপয় দুর্বৃত্ত হামলা চালিয়ে নিজ বাড়ির সামনে মুক্তিযোদ্ধা আরকুম আলীকে আহত করে। একইভাবে সন্ধ্যায় নিজ ঘরের বারান্দায় পিটিয়ে আহত করা হয় মুক্তিযোদ্ধা বাদশা মিয়াকে। রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে মুক্তিযোদ্ধা আজির উদ্দিনকে। এ সময় হামলাকারীরা মুক্তিযোদ্ধার ঘরে থাকা নগদ দেড় লাখ টাকাসহ
দু’লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
একটি সূত্র জানায় ধনিটিলা থেকে পাথর উত্তোলন নিয়ে মুক্তিযাদ্ধাদের সাথে একটি পক্ষের বিরোধ চলে আসছিল। পাথর উত্তোলন নিয়ে গত কয়েক মাসে একাধিক সাংঘর্ষিক ঘটনাও ঘটেছে। পক্ষে বিপক্ষে একাধিক মামলা রয়েছে। বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে উপজেলা প্রশাসন ধনিটিলা থেকে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছে। একই দিনে ৩ জন মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনা, পাথর উত্তোলনের বিরোধের জের ধরে ঘটেছে বলে অনেকেই মনে করছেন। এ ঘটনায় ধনিটিলা গ্রামের গেদা মিয়ার পুত্র কালা শাহ(১৯) ও একই গ্রামের সিকান্দর আলীর পুত্র ইদ্রিছ আলীকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।
ছাতক থানার ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

  • [১]