ছাতক প্রতিনিধি
ছাতকে ঝন্টু দাস নামের এক গ্রাম পুলিশকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কালীপুর পয়েন্টে এ ঘটনা ঘটে। গ্রাম পুলিশ ঝন্টু দাস কালীপুর গ্রামের পতন দাসের পুত্র। ঘটনার রাতে সে ইউনিয়নের একটি চাল গুদামের নাইটগার্ড হিসেবে দায়িত্বরত ছিল।
জানা যায়, সিংচাপইড় ইউনিয়ন পরিষদ কার্যালয় অরক্ষিত থাকায় পরিষদের ভিজিএফ’র চাল রাখা হয় কালীপুর পয়েন্ট সংলগ্ন একটি গুদামে। গুদামের চাল পাহারা দেয়ার জন্য পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশ ঝন্টু দাসকে নাইটগার্ড হিসেবে দায়িত্ব দেয়া হয়। বুধবার গভীর রাতে মোটরসাইকেল যোগে এসে ৩ দুর্বৃত্ত ঝন্টু দাসকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কৈতক হাসপাতালে ভর্তি করেন।
আহত ঝন্টু দাস জানান, গুদামের চাল লুট করে নিতে এসে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে ধরা পড়ার ভয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।