ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নে ধনীটিলায় চলছে পাথর খেকোদের আগ্রাসন। প্রতিদিনই টিলা কেটে পাথর উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। দু’মাস ধরে প্রশাসন ও এলাকবাসীর বাধা-নিষেধ উপেক্ষা করে এ মহলটি ধনীটিলায় চালাচ্ছে পাথর লুটের মহোৎসব। ফলে এখানের মনিপুরী বস্তির স্বাভাবিক পরিবেশ মারাত্মক হুমকীর মুখে পড়েছে। পাশাপাশি ধনীটিলা ও রাসনগরে বসবাসকারী অর্ধশতাধিক আদিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের বসতভিটে ও সবুজ বনায়ন ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে। প্রকাশ্যে প্রভাবশালী এ মহলটি টিলা কেটে প্রতিদিন লক্ষ-লক্ষ টাকার পাথর উত্তোলন করে বিক্রি করছে।
জানা গেছে, ধনীটিলা এলাকায় পুকুর খনন করে মাছ চাষের জন্য সরকারের কাছ থেকে কিছু সমতল ভূমি লিজ নিয়েছেন ব্রজেন্দ্র সিংহ। প্রশাসনকে অন্ধকারে রেখে এ লিজের অজুহাতে তারা টিলা কেটে পাথর উত্তোলন করছে অবৈধ পন্থায়। টিলা কেটে পাথর উত্তোলন সম্পূর্ণভাবে বে-আইনি হলেও সরকারী নিষেধ-বাধার তোয়াক্কা না করেই ব্রজেন্দ্র সিংহের নেতৃত্বে প্রতিদিনই এখানে টিলা কেটে পাথর উত্তোলন ও বিক্রি করা হচ্ছে।
স্থানীয়রা জানান, ইলিয়াছ মিয়া ও ব্রজেন্দ্র কুমার সিংহের নেতৃত্বে সিলেট, ছাতকসহ এলাকার একটি প্রভাবশালী চক্র এখানের টিলা কেটে দাপটের সাথে পাথর উত্তোলন ও বিক্রি করে লক্ষ-লক্ষ টাকা ভাগবাটোয়ারা করে নিচ্ছে। স্থানীয় একটি সূত্র জানায়, প্রতিদিন টিলা কেটে পাথর
উত্তোলন ও বিক্রি করা লক্ষ-লক্ষ টাকা হপ্তা আকারে প্রশাসনসহ পুলিশ-বিজিবির ও সাংবাদিকদের নামেও ভাগ-বাটোয়ারা হচ্ছে। ফলে পুলিশ-বিজিবি’র একাধিক অভিযানের পরও এখানে অবৈধভাবে পাথর উত্তোলন ও টিলায় ধ্বংসযজ্ঞ বন্ধ করা যাচ্ছে না।
অপরদিকে পাথর খেকোচক্রের অব্যাহত আগ্রাসনে এ টিলায় স্থাপিত পুরাতন একটি মসজিদ, স্কুল, বিজিবি’র হেলিপেড ও চার গ্রামবাসীর ঈদগাহসহ মনিপুরী সম্প্রদায়ের ক্লাবঘর ও মন্দির হুমকির মুখে পড়েছে। এজন্য স্থানীয় ক’জন মুক্তিযোদ্ধাসহ লোকজন প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তারা জানান, টিলা কেটে পাথর উত্তোলন প্রতিদিনই চলছে। মাঝে-মধ্যে প্রশাসন ও পুলিশের লোকজন হানা দিলেও এ পর্যন্ত পাথর খেকোদের আটক ও পাথর উত্তোলন বন্ধ করতে পারছে না। প্রশাসনের লোকজন আসার আগেই পাথর উত্তোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করলেও পরে তারা চলে গেলে আবারো শুরু হয় পাথর উত্তোলনের উৎসব। বিষয়টি স্থানীয় লোকজন বাঁকা চোখে দেখছেন। এদিকে পাথর উত্তোলনে বাধা দেয়ায় আদিবাসী অনন্ত মনি সিংহ এখন পাথর খেকোদের ভয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
অনন্ত মনি সিংহ জানান, ধনীটিলা কেটে পাথর উত্তোলন করায় তার বসতভিটে ভেঙ্গে পড়ার উপক্রম হয়। এখানে পাথর উত্তোলনে বাধা দেয়ায় উত্তোলনকারীদের প্রধান ব্রজেন্দ্র সিংহ ও তার সহযোগীরা তাকে হত্যা ও গুম করার হুমকী দেয়। তিনি জীবন রক্ষায় বর্তমানে আত্মগোপনে রয়েছেন। ব্রজেন্দ্র সিংহের কাছে আদিবাসীরা এখন অনেকটা অসহায় হয়ে পড়েছেন বলে তিনি জানান।
মনিপুরী সম্প্রদায়ের বিরু সিংহ, নন্দ শর্ম্মা, রাধাচরন সিংহ, পূর্নিমা দেবী, রানা সিংহ, শান্ত সিংহ, রতনমনি সিংহ, তেরাকান্ত সিংহসহ লোকজন জানান, পাথর উত্তোলন অব্যাহত থাকলে এক পর্যায়ে আদিবাসীদের বসত-ভিটে বিলীন হয়ে যাবার আশংকা রয়েছে। পাথর খেকোরা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। তারা ভিটে হারানোসহ প্রাণের ভয়ে মুখে তালা দিয়ে আছেন।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হেকিম জানান, এলাকার পরিবেশ ও রাস্তা-ঘাট রক্ষায় ধনীটিলা থেকে পাথর উত্তোলন বন্ধ করে দিতে হবে।
ইউপি সদস্যা হেলিমা বেগম, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ এলাকার লোকজন জানান, টিলা কেটে পাথর উত্তোলন বন্ধের ব্যাপারে প্রশাসনের উদ্যোগে কয়েক দফা টিলায় অভিযান পরিচালিত হয়েছে। তবে এ পর্যন্ত টিলা কাটার সাথে জড়িত কাউকে আটক করা হয়নি।
ব্রজেন্দ্র কুমার সিংহ’র দাবি তিনি টিলার ভূমি লিজ নিয়ে বৈধভাবেই পাথর উত্তোলন করছেন।
সহকারী কমিশনার (ভূমি)সাবিনা ইয়াসমিন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ধনী টিলা থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে দু’দফায় তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান জানান, ধনী টিলায় পাথর উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে। যদি কেউ চোরাই পথে পাথর উত্তোলনের চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।