- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে নদীর ভাঙন রোধে পানি সম্পদ মন্ত্রী বরাবরে আবেদন

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলার বিভিন্ন এলাকায় সুরমা নদীর অব্যাহত ভাঙনের কবল থেকে রক্ষা করতে পানি সম্পদ মন্ত্রী বরাবরে লিখিত আবেদন দেয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারী জাপা নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বরাবরে এ আবেদন দেন। এ প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে সুপারিশ করেছেন।
আবেদনে  বলা হয়, সুরমা নদীর ভয়াবহ ভাঙনের ফলে রাস্তা-ঘাট, ফসলী জমি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে।  ফসলী জমি ও ভিটে-মাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে হাজারো পরিবার। ছাতকের কালারুকা ইউপির মুক্তিরগাঁও, গৌরীপুর, চানপুর, পৌরসভার বৌলা, ছাতক-দোয়ারা সড়ক, দোয়ারা উপজেলার নইনগাঁও, মাঝেরগাঁও, মাছিমপু, মুরাদপুর, মাষ্টারপাড়া, আমবাড়িবাজার, কাটাখালীবাজার, সোনাপুর, নূরপুরসহ সুরমা পাড়ের বসতবাড়ি, রাস্তা-ঘাট, স্কুল-মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে। বিশেষ করে মুক্তিরগাঁও-ছাতক সড়ক নদী গর্ভে বিলীন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।  এ সড়ক দিয়ে মুক্তিরগাঁও আটগ্রামসহ কোম্পানীগঞ্জ উপজেলার পারকুল, টুকেরগাঁও, শিবপুর, পুটামারাসহ কয়েকটি গ্রামের মানুষ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। এভাবে দোয়ারাবাজার উপজেলা পরিষদের প্রশাসনিক দফতরগুলো নদী ভাঙনের কবলে পড়েছে। ২০১৬ সালের ২১ নভেম্বর ও ২০১৩ সালের ২১অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্যে পৃথক দু’টি আবেদন দেয়া হলেও তা আলোর মুখ দেখেনি। সম্প্রতি পানি সম্পদ মন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে   কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যে পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক বরাবরে প্রেরণ করেছেন।

  • [১]