ছাতক প্রতিনিধি
ছাতকে এক প্রসূতি মায়ের প্রতি চরম অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে কৈতক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আমেনা নাহিদের বিরুদ্ধে। এ ঘটনায় ঐ প্রসূতির ভাসুর ফয়াজ আলী বাদী হয়ে গত সোমবার সুনামগঞ্জ সিভিল সার্জনের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জানা যায়, গত ২২ মার্চ বুধবার বিকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নে হাবিদপুর গ্রামের আসকন্দর আলীর স্ত্রী প্রসূতি রেহেনা বেগমকে সন্তান প্রসবের জন্য তার স্বজনরা নিয়ে যান কৈতক ২০ শয্যা বিশিষ্ট
হাসপাতালে। ঐ সময় হাসপাতালের প্রসূতি বিভাগে দায়িত্বরত ছিলেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আমেনা নাহিদ। তিনি যথারীতি ঐ প্রসূতির প্রসব চিকিৎসা শুরু করেন এবং প্রসূতির শরীরে স্যালাইন পুশ করেন। প্রসূতির শরীরে স্যালাইন চলাকালে নার্স আমেনা নাহিদ হঠাৎ করে প্রসূতির ভাসুর ফয়াজ আলীর নিকট প্রসব বাবত ১০ হাজার টাকা দাবি করেন। অন্যথায় তার পক্ষে বাচ্চা প্রসব করা সম্ভব নয় বলে জানান তিনি। প্রসূতির স্বজনরা তখন বেকায়দায় পরে নার্স আমেনা নাহিদকে ৩ হাজার টাকা দিতে সম্মত হন। কিন্তু নার্স আমেনা ১০ হাজার টাকা না দিলে বাচ্চা প্রসব করবেন না বলে জানিয়ে দেন। প্রসূতির স্বজনরা এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নার্স আমেনা উত্তেজিত হয়ে প্রসূতির শরীর হতে স্যালাইন খুলে ফেলেন এবং প্রসূতিকে বেড হতে নিচে ফ্লোরে নামিয়ে রেখে অন্য রোগীদের চিকিৎসায় চলে যান। এসময় অন্য একজন নার্স প্রসূতির বাচ্চা প্রসবে এগিয়ে এলে নার্স আমেনা তার অনুমতি ছাড়া কেন ঐ প্রসূতি সেবায় এগিয়ে এলেন সে জন্য ঐ নার্সকে গালমন্দ করেন। বিষয়টি হাসপাতালের ইনচার্জ ডা. মোজাহারুল ইসলাম আঁচ করতে পেরে এগিয়ে এসে সমাধান করতে ব্যর্থ হন। ততক্ষণে অতিবাহিত হয়ে যায় বেশ কয়েক ঘন্টা সময়। এর পর হাসপাতালের অপর নার্স কৃষ্ণা রানীর চেষ্টায় প্রসূতির মৃত সন্তান প্রসব হয়। প্রসূতির স্বজনদের অভিযোগ নার্সের অবহেলায় কাল ক্ষেপণের ফলে তাদের নবজাতকের মৃত্যু হয়েছে।
এছাড়াও সেবা নিতে আসা রোগীদের প্রতি ঐ নার্স হারহামেশা খারাপ আচরণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।