ছাতক প্রতিনিধি
ছাতকে নৌ-বন্দর উদ্বোধন শেষে জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘ইসলামের নামে যারা মানুষ হত্যা করে তারা মূলত ইসলামের ক্ষতি করতে চায়। শান্তির ধর্ম ইসলামে জঙ্গি ও মানুষ হত্যাকারীদের স্থান নেই। জঙ্গি ও তাদের মদদদাতাদের স্থান বাংলার মাটিতে হবে না। জ্বালাও-পোড়াও রাজনীতে ব্যর্থ হয়ে বেগম খালেদা জিয়া জঙ্গিদের পক্ষ নিয়েছেন। বাংলার মাটিতে ঙ্গবন্ধুর খুনীদের বিচার হয়েছে, যুদ্ধাপরাধিদের বিচার চলছে। আন্দোলনের নামে বিগতদিনে যারা পুলিশ, বিজেপি, পরিবহন শ্রমিক, ইমাম, পুরোহিত ও সাধারণ মানুষদের হত্যা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।’ এসব নাশকতামুলক কর্মকান্ডের হুকুমদাতা বেগম খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত থাকতে বলেন তিনি।
আগেই ছাতককে নদীবন্দর ঘোষণা করা উচিৎ ছিল বলে মন্তব্য করে তিনি বলেন,‘বালু, পাথরসহ নির্মাণ সামগ্রীর উপর ভিত্তি করেই জননেত্রী শেখ হাসিনা ছাতককে নদীবন্দর হিসেবে ঘোষণার উপর গুরুত্ব দিয়েছেন। শুধু ফলক উন্মোচন করেই নদীবন্দরের কাজ শেষ নয়। এখানে জেটি, মেরিন কোড, পল্টুন, নদী খনন, টার্মিনাল ভবন, রাতে জাহাজ চলাচলের জন্য থাকবে বিশেষ বাতির ব্যবস্থা। নদী পথে আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌ-পুলিশ নিয়োগ দিয়েছেন। ছাতক নদীবন্দর বাস্তবায়নে সব ধরনের সরকারি সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন তিনি।
বুধবার ছাতকের সুরমা নদীর পুরাতন কাস্টমঘাটে নৌ-বন্দর উদ্বোধন শেষে বিকেল সাড়ে ৪ টায় স্থানীয় পাবলিক খেলার মাঠে (মন্টুবাবুর মাঠ) জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব অশোক মাধব রায়, আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, বিআইডব্লিউটিএ র’ ভারপ্রাপ্ত চেয়ারম্যন ভোলা নাথ দে, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ, ২৮ বডারর্গাড ব্যাটালিয়ান সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (এপিএস), ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, র্যাব-৯ সুনামগঞ্জের অধিনায়ক কাজী মনিরুজ্জামান, বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক আরিফ উদ্দিন।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান এবং সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা আ.লীগের একাংশের আহবায়ক আবরু মিয়া তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, আ.লীগ নেতা শামীম আহমদ চৌধুরী, কর্মকর্তা সমরেন্দ্র দাস তালুকদার, মানিক চন্দ্র দাস, মাও. শাখায়াত হোসেন, আব্দুস সহিদ হোসেন, মোশারফ হোসেন, মনিরুজ্জামান খান, আ.লীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী প্রমুখ।