- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ছাতকে পানিতে ডুবে স্কুলছাত্রী দুই বোনের মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে নদীর পানিতে ডুবে সুমাইয়া বেগম (০৯) ও নাহিদা বেগম (০৫) নামের স্কুল ছাত্রী দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে দু’বোনের মর্মান্তিক মৃত্যু ঘটে। সুমাইয়া ও নাহিদা উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলামের কন্যা ও কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
জানা যায়, ২য় শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগম ও ছোট বোন ১ম শ্রেণির ছাত্রী নাহিদা বেগম দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে বাড়ি সংলগ্ন বটেরখাল নদীতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে এক পর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায় দু’বোন। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় পানি থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ছাতক থানার এসআই জহির আলী ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

  • [১]