ছাতক প্রতিনিধি
ছাতকে অনটেষ্ট পিকআপ সহ ভারতীয় নাসির বিড়ির এক চালান আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন পয়েন্ট থেকে এ বিড়ির চালান আটক করা হয়। এ ব্যাপারে চোরাচালান নিয়ন্ত্রন আইনে ছাতক থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এহতেশাম তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে বড়কাপন এলাকায় একটি নাম্বারবিহীন পিকআপ থেকে ২ লাখ ৭৩ হাজার নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি জব্ধ করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিড়ির চালানসহ পিকআপ ফেলে চোরা কারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্ধকৃত নাসির বিড়ির বর্তমান বাজার মুল্য ৪ লাখ ১০ হাজার টাকা বলে জানা গেছে।
এসআই এহতেশাম তালুকদার জানান, খোঁজ নিয়ে জানা গেছে জব্ধকৃত বিড়ির মালিক জালালাবাদ থানার মোগলাগাঁও ইউনিয়নের চৌধুরীগাঁও গ্রামের আব্দুর রহমানের পুত্র রহিম উদ্দিন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের মুজিবুর রহমানের পুত্র জুলহাস মিয়া। এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।