ছাতক প্রতিনিধি
ছাতকে আলিম উদ্দিন(২০) নামের পোল্ট্রি ফার্মের এক কর্মচারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জাউয়াবাজার ইউনিয়নের রাউলী এলাকার পেল্ট্রি ফার্ম সংলগ্ন জমি থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আলিম উদ্দিন রাউলী গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র ও গ্রামের লাল মিয়ার মালিকানাধীন পোল্ট্রি ফার্মের বেতনভোগি কর্মচারী।
স্থানীয় সুত্রে জানা যায়, মোরগ শূন্য পেল্ট্রি ফার্ম পরিস্কার-পরিচ্ছন্ন করতে বুধবার সকালে বাড়ি থেকে বের হয় আলিম উদ্দিন। রাতে বাড়ি না ফেরায় ফার্ম ও আশপাশ এলাকাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে আলিম উদ্দিনের কোন সন্ধান পায়নি তার পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে আবারো পেল্ট্রি ফার্মে আলিম উদ্দিনকে খুঁজতে গিয়ে তার ভাই এলাছ উদ্দিন ফার্ম সংলগ্ন জমির পানিতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন। দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত সুপার সাইফুল ইসলাম ও ছাতক থানার ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।